২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ফের মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে সোমবার সকালে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামবে স্বাগতিক বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 03:02 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে সোমবার সকালে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামবে স্বাগতিক বাংলাদেশ। সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে। এর আগে বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো। আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, ঢাকার আকাশে সোমবার রোদ থাকবে। তাই বেশ স্বস্তিতে আছেন বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্স। রোববার যেমনটা বলছিলেন তিনি, "দল এখন দুর্দান্ত খেলছে। এ অবস্থায় যতো বেশি ম্যাচ খেলা যায় ততোই ভালো।" তবে সিডন্স মানলেন প্রথম একদিনের ম্যাচের মতো জিততে হলে টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে একজনকে বড় ইনিংস খেলতে হবে। "ওদের বিপক্ষে জিততে হলে ব্যাট হাতে একজনকে অনেকক্ষণ উইকেটে থাকতে হবে। তবে এটা দেখে ভাল লাগছে দলের সবাই দারুণ খেলছে। এই খেলা ধরে রাখতে হবে", বলেন তিনি। বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকেই বড় হুমকি মানছেন সিডন্স। তিনি বলেন, "মিরপুরের উইকেট কিছুটা ধীর গতির। এখানে ড্যানিয়েলকে (ভেট্টোরি) নিয়েই বেশি ভয়। বল হাতে ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাকে ভালো ভাবে খেলতে পারলেই কেবল জেতার পথ প্রশস্ত হবে আমাদের।" চোটের কারণে এই ম্যাচে নেই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। নেই আরেক ফাস্ট বোলার নাজমুল ইসলাম। এরইমধ্যে তাদের জায়গায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যোগ দিয়েছেন দুই পেস বোলার সৈয়দ রাসেল এবং ডলার মাহমুদ। তৃতীয় ওয়ানডেতে নাজমুল-মাশরাফির জায়গায় দেখা যেতে পারে রুবেল হোসেন এবং শফিউল ইসলামকে। সফরে কিউইরা বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এরইমধ্যে দুই ম্যাচ শেষে সাকিব আল হাসানরা সিরিজে ১-০ তে এগিয়ে গেছেন। তবে দু'দেশের হার-জিতের হিসাবটা একেবারে পরিষ্কার। এ পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা হয়েছে ১৮টি। জয়ের পাল্লা কিউইদের দিকে অনেক ভারী। বাংলাদেশের দু'টি জয়ের বিপরীতে কিউইদের জয় ১৬টিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/০৮৪৩ ঘ.