ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার নিজের আরেকটি রেকর্ড আরো উন্নত করলেন শচীন টেন্ডুলকার। রোববার ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন তিনি।
ব্যাটিংয়ের যাবতীয় রেকর্ড অনেক আগেই নিজের করে নিয়েছেন ভারতের এই 'মাস্টার ব্যাটসম্যান'। এখন নিজের সঙ্গেই নিজের লড়াই শচীনের। সেই লড়াইয়ে নিজেকে ক্রমশই সবার ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছেন।
ব্যাঙ্গালোর টেস্টের দ্বিতীয়দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১২৮। তাতে শচীন অপরাজিত ৪৪ রানে। সঙ্গে ৪২ রানে মুরালি বিজয়। এই রান করার পথেই শচীন পেরিয়ে যান তার কাক্সিক্ষত মাইলফলক। এখন ১৭১ টেস্টে তার রান ১৪,০১৭।
টেস্টে মোট রানে শচীনের পরে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং বেশ খানিকটা পিছিয়ে। ১৪৮ টেস্টে পন্টিংয়ের রান ১২,১৭৮। তারপর আছেন ব্রায়ান লারা (১১,৯৫৩), রাহুল দ্রাবিড় (১১,৫৮১) এবং অ্যালান বর্ডার (১১,১৭৪)।
শচীন টেস্টে সবচেয়ে বেশি রানের পাশাপাশি সর্বাধিক শতরানেরও (৪৮টি) মালিক। একইসঙ্গে ওয়ানডেতে সর্বাধিক ১৭,৫৯৮ রান, ৪৬ সেঞ্চুরি এবং ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২০০ রানের রেকর্ডও তার দখলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০৪১ ঘ.
bdnews24