২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল থেকে রাজস্থান এবং পাঞ্জাব বাদ

আর্থিক অনিয়ম, অংশীদারিত্বে অসচ্ছ্বতা এবং মালিকানায় কারচুপি থাকার অভিযোগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়া হয়েছে রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্থিক অনিয়ম, অংশীদারিত্বে অসচ্ছ্বতা এবং মালিকানায় কারচুপি থাকার অভিযোগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়া হয়েছে রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবকে। একই সঙ্গে আইপিএলে নতুন দল হিসেবে নাম লেখানো কোচিকে তাদের মালিকানা সমস্যা মেটানোর জন্য নোটিশ দেয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে থাকা আইপিএলের গভর্নিং বডি মুম্বাইয়ে রোববার এক জরুরী ও দীর্ঘ সভার পর এ সিদ্বান্তের কথা জানায়। বিসিসিআই তাদের বিবৃতিতে বলেছে ''একাধিক গুরুতর অভিযোগের কারণে রাজস্থান এবং পাঞ্জাবের সঙ্গে আইপিএল কর্তৃপক্ষ তাদের চুক্তি বাতিল করেছে। এই সিদ্বান্ত সর্বসম্মতিক্রমে নেয়া হয়েছে। পাশাপাশি মালিকানা বিরোধ মেটানোর জন্য কোচিকে সময় দিয়ে নোটিশ দেয়া হয়েছে।'' তিনটি দলকে অবশ্য তাদের কাছে পাঠানো নোটিশের গ্রহনযোগ্য জবাব পাঠানোর জন্য পাঁচদিন সময় দেয়া হয়েছে। দল তিনটি তার মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আইপিএল কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে। ২০০৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭৬ মিলিয়ন ডলার দিয়ে কিনে নেন নেস ওয়াদিয়া, মোহিত বর্মন, করণ পাল, আদিত্য খান্না এবং বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। রাজস্থান রয়্যালস কিনেছিলেন দুই ব্যবসায়ী মনোজ বাদালে এবং লাসিয়ান মারডক। পরে দলটির মালিকানায় আরো যোগ দেন রাজ কুন্দ্রা এবং বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। রাজস্থানের বর্তমান অধিনায়ক শেন ওয়ার্ন এবং পাঞ্জাবের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ওয়ার্নের নেতত্বে ২০০৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। ওদিকে পাঞ্জাবে খেলেন ব্রেট লি, মাহেলা জয়াবর্ধনে, যুবরাজ সিংরা। দুটি দলই আইপিএলের প্রথম তিনটি টুর্নামেন্টে খেলেছে। তারপরই দল দুটির মালিকানার ঘাপলা, আর্থিক অনিয়ম নিয়ে বিসিসিআই প্রশ্ন তোলে। তার জেরেই সর্বশেষ সিদ্বান্ত। দল দুটির আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে যেতে পারে আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদীর নামও। আইপিএলে খেলা প্রথম আট দলের অন্যতম ছিল রাজস্থান এবং পাঞ্জাব। বাকি ছয় দল হলো কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স, ডেকান চার্জাস, দিল্লি ডেয়ারডেভিল এবং মুম্বাই ইন্ডিয়ান্স। নতুন যে দুটি দল আইপিএলে নাম লিখিয়েছে তার একটি হচ্ছে কোচি এবং অপরটি পুনে। আগামি বছর আইপিএলের চতুর্থ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আর খেলোয়াড় কেনা-বেচা হবে এ বছরের শেষ দিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ ১৭৩০ ঘ.