ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে টেস্ট সিরিজে পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে ইউনুস খানকেই চেয়েছিলেন নির্বাচকরা। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ইউনুসের দ্বন্দ্বের অবসান না হওয়াতেই তাকে দলে ডাকতে পারেননি তারা।
তাই বিকল্প পছন্দ হিসেবে একরকম বাধ্য হয়েই দলে ফিরিয়ে আনা মিসবাহ উল হককে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়।
প্রধান নির্বাচক মোহসিন খান এ তথ্য প্রকাশ করে বলেন, ''আমরা অভিজ্ঞ কাউকে টেস্ট দলের নেতৃত্ব দিতে চেয়েছিলাম। সে হিসেবে আমাদের প্রথম পছন্দ ছিল ইউনুুস। কিন্তু তার ব্যাপারে পিসিবি'র অবস্থান এখনো পরিষ্কার না হওয়াতে আমরা মিসবাহকে ফিরিয়ে এনে তাকেই দলের নেতৃত্ব দিয়েছি।''
গত দুই বছরে মিসবাহ হলেন পাকিস্তান দলের ষষ্ঠ অধিনায়ক। আর ২০১০ সালে চতুর্থ টেস্ট অধিনায়ক। তার আগে দুই বছরে দলের অধিনায়ক হয়েছেন শোয়েব মালিক, ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, শহীদ আফ্রিদি এবং সালমান বাট।
অধিনায়ক এবং অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে মিসবাহ'র ওপর নির্বাচকরা পুরো আস্থা রেখেছেন। অস্ট্রেলিয়া সফরের পর মিসবাহ এবং ইউনুস দু'জনকেই পিসিবি দল থেকে বাদ দেয়। শৃঙ্খলাভঙ্গজনিত কারণে ইউনুসকে নিষিদ্ধও করে। এখন মিসবাহকে অধিনায়ক করে ফিরিয়ে আনলেও ইউনুসের ব্যাপারে শেষ কথা বলেনি পিসিবি।
নতুন অধিনায়ক মিসবাহ বলেছেন, তার আশা সতীর্থদের সহায়তায় পাকিস্তানের ক্রিকেটকে আবার তিনি পথে ফিরিয়ে আনতে পারবেন। সতীর্থদের তিনি শুধু মাঠের নৈপুণ্যের দিকেই মনোসংযোগ করার আহবান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৯০৫ ঘ.
bdnews24