ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের খেলা শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও হয়নি।
বাংলাদেশ ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৃষ্টির কারণে খেলা শুরু করা যায়নি। বেলা ১১টায় দুই আম্পায়ার মাঠ পর্যবেক্ষণ করবেন। তারপর এই ম্যাচ হওয়া না হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।
এ বিষয়ে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর বদিউল আলম খোকন বলেন, "উইকেট ঢেকে রাখা হলেও আগামীকাল খেলা শুরু করতে হলে বৃষ্টি থামতে হবে। সেই সঙ্গে উঠতে হবে রোদ।"
ঢাকায় বৃহস্পতিবার সারাদিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবারও বৃষ্টি হবে। মাঝে মধ্যেই বয়ে যেতে পারে দমকা হাওয়া।
এদিকে বাংলাদেশের কাছে সিরিজের প্রথম খেলায় হেরে গেলেও বৃহস্পতিবার বৃষ্টির জন্য অনুশীলন করেনি নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তারা যেন ধরেই নিয়েছেন, দ্বিতীয় একদিনের খেলাটি হচ্ছে না।
কেনা-কাটা করে সময় কাটিয়েছেন নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার। অন্যদিকে সকালের দিকে ইনডোরে অনুশীলন করেছে বাংলাদেশ দল।
চোটের কারণে এই খেলায় খেলতে পারছেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। নেই আরেক ফাস্ট বোলার নাজমুল হোসেনও।
এরই মধ্যে তাদের জায়গায় বাংলাদেশ দলে ডাকা হয়েছে দুই পেসার সৈয়দ রাসেল এবং ডলার মাহমুদকে।
সফরে কিউইরা বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে।
প্রথম খেলায় জিতে বাংলাদেশ ১-০ তে এগিয়ে আছে।
তবে দু'দেশের হার-জিতের হিসাবটা একেবারে পরিষ্কার। এ পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা হয়েছে ১৮টি। জয়ের পালা কিউইদের দিকে অনেক ভারী। বাংলাদেশের দুটি জয়ের বিপরীতে কিউইদের জয় ১৬টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/০৯৫৩ ঘ.
bdnews24