ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক স্যার ভিভিয়ান রিচার্ডস। সেজন্য ক্রিকেটকে অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন তিনি।
দিল্লি কমনওয়েলথ গেমসে হাজির হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং কিংবদন্তী। তবে প্রতিযোগী হিসেবে নয়, প্রতিযোগীদের উজ্জীবিত করতে। অ্যান্টিগা ও বারবুডা থেকে গেমসে এসেছে ১৯ সদস্যের একটি দল। তাদেরই উদ্দীপ্ত করতে উপস্থিত হয়েছেন তিনি, শুভেচ্ছাদূত হিসেবে।
তার মতে, অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত করা উচিত। কারণ এর বাজারের পাশাপাশি রয়েছে জনপ্রিয়তাও। এছাড়া খেলতে সময়ও লাগে কম।
এর আগে ক্রিকেটকে একবারই কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ১৯৯৮ সালে কুয়ালালামপুর গেমসে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। খেলা হয়েছিল ৫০ ওভারের।
এর আগেও দেশের ক্রীড়াবিদদের পাশে দেখা গেছে ভিভকে। চার বছর আগে মেলবোর্ন কমনওয়েলথ গেমসেও অ্যান্টিগা ও বারবুডার শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। দিল্লি গেমস শেষ না হওয়া পর্যন্ত রিচার্ডস দলের সঙ্গে থাকবেন। তার উপস্থিতি কমনওয়েলথ গেমসে ভিন্ন একটা মাত্রা এনে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৯৩৮ ঘ.
bdnews24