২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শচীন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০১০ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন ভারতের শচীন টেন্ডুলকার। এই প্রথম আইসিসির বর্ষসেরার ট্রফি পেলেন ভারতের এই ক্রিকেটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 02:52 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০১০ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন ভারতের শচীন টেন্ডুলকার। এই প্রথম আইসিসির বর্ষসেরার ট্রফি পেলেন ভারতের এই ক্রিকেটার। বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের ট্রফি উঠেছে বীরেন্দ্র শেবাগের হাতে। আর বর্ষসেরা একদিনের ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ব্যাঙ্গালোরে বুধবার এক জমকালো অনুষ্ঠানে আইসিসি বর্ষসেরাদের নাম ঘোষণা করে। বর্ষসেরা টেস্ট দলও ঘোষণা করেছে আইসিসি। অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনির নাম। আর বর্ষসেরা একদিনের দলের নেতৃত্ব দেয়া হয়েছে অজি অধিনায়ক রিকি পন্টিংকে। নিউজিল্যান্ড দলের উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম পেয়েছেন বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যানের পুরস্কার। এ বছরের ফেব্র"য়ারিতে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ১১৬ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ম্যাককালাম। সেটাই তাকে এ পুরস্কার এনে দেয়। সেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ইংল্যান্ডের ২১ বছর বয়সী তরুণ ফাস্ট বোলার স্টিভেন ফিন। তার টেস্ট অভিষেক হয়েছিল মার্চে, বাংলাদেশের বিপক্ষে। এ পর্যন্ত আট টেস্টে ৩২ উইকেট নিয়েছেন তিনি। ক্রিকেটের চেতনা সমুন্নত রাখার জন্য টানা দ্বিতীয়বারের মতো 'আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড' পেয়েছে নিউজিল্যান্ড দল। একই সঙ্গে টানা দ্বিতীয় বছরের মতো বর্ষসেরা আম্পায়ার হয়েছেন পাকিস্তানের আলিম দার। বর্ষসেরা টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দ্র শেবাগ, কুমার সাঙ্গাকারা, গ্রায়েম সোয়ান, শচীন টেন্ডুলকার, হাশিম আমলা, সাইমন ক্যাটিচ, ডেল স্টেইন, জ্যাক ক্যালিস, জেমস অ্যান্ডারসন ও ডাগ বোলিঞ্জার। বর্ষসেরা একদিনের দল: রিকি পন্টিং (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, শেন ওয়াটসন, মাইকেল হাসি, এবি ডি ভিলিয়ার্স, পল কলিংউড, মহেন্দ্র সিং ধোনি, ড্যানিয়েল ভেট্টোরি, স্টুয়ার্ট ব্রড, ডাগ বোলিঞ্জার ও রায়ান হ্যারিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৪৭ ঘ.