ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট দলে ফিরতে চান ইউনুস খান। আর তা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 'হোম' সিরিজেই। এই ইচ্ছার কথা জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ইজাজ বাটের কাছে চিঠি পাঠানোর কথাও ভাবছেন তিনি।
ইউনুস বলেন, "দলের প্রয়োজনে যে কোনো সময় মাঠে নামতে আমি রাজি। আশা করছি আগের মতোই খেলতে পারবো।"
নিজেকে প্রস্তুত রাখার জন্য কঠোর অনুশীলন করছেন বলে জানিয়ে তিনি বলেন, "ফর্ম ধরে রাখার জন্য ঘরোয়া লিগেও খেলার সিদ্ধান্ত নিয়েছি।" কিছুদিনের মধ্যে এই প্রতিযোগিতা শুরু হবে।
এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে খারাপ খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজীবনের জন্য নিষিদ্ধ করেছিল ইউনুসকে। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। যদিও এখন পর্যন্ত তাকে দলে ডাকা হয়নি।
ইউনুস মনে করেন, পাকিস্তানে ক্রিকেট প্রতিভার অভাব নেই। তবে তাদের খুঁজে বের করতে হবে। তা না হলে হকি এবং স্কোয়াশের মতো সমস্যায় পড়তে হতে পারে ক্রিকেটকেও।
এরই মধ্যে একদিনের ক্রিকেটের অধিনায়ক শহিদ আফ্রিদি ইউনুসকে দলে নেয়ার ব্যাপারে মত দিয়েছেন। আফ্রিদি বলেন, ইউনুসের জায়গায় খেলানোর মতো ব্যাটসম্যান পাকিস্তানে একজনও নেই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৬ অক্টোবর। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ২৯ অক্টোবর শুরু হবে। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১২ নভেম্বর।
খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/এনআই/২০২৭ ঘ.
bdnews24