ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ২৬ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজ। যেটি আসলে পাকিস্তানের 'হোম সিরিজ'। নিরাপত্তার কারণে অনুষ্ঠিত হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। ওই সিরিজে সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরকে খেলাতে চায় পাকিস্তান।
সিরিজের জন্য অক্টোবর মাসের মাঝামাঝি সময়েই চূড়ান্ত দল ঘোষণা করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কিন্তু দল গড়তে গিয়ে সমস্যায় পড়েছে পিসিবি। কারণ দলের তিন অপরিহার্য খেলোয়াড় বাট, আসিফ এবং আমির লর্ডস টেস্টে 'স্পট ফিক্সিং'-এর কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছেন।
তবে পিসিবি এই তিন ক্রিকেটারকেই দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলাতে চায়। সেজন্যই আইসিসি'র সঙ্গে আলোচনায় বসেছেন তারা। যদি তাদের সাময়িক নিষেধাজ্ঞা ওই সিরিজের আগেই তোলা যায়।
পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পিসিবির প্রধান ইতিমধ্যেই আইসিসি'র সঙ্গে কথা বলেছেন ওই তিন খেলোয়াড়ের সাময়িক নির্বাসন অক্টোবরের মাঝামাঝি তুলে নেয়ার জন্য।
একই সঙ্গে পিসিবি'র চেয়ারম্যান কথা বলেছেন স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তকারী গোয়েন্দাদের সঙ্গেও। তাদের কাছে জানতে চাওয়া হয়েছে সালমান, আসিফ এবং আমিরের বিরুদ্ধে ফৌজদারি আদালতে কোনো অভিযোগ আনা হয়েছে কিনা।
স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা ইতিমধ্যেই তদন্তের কাগজপত্র সব আইনজীবীর অফিসে জমা দিয়েছে। সেখান থেকেই জানা যাবে সালমানদের বিরুদ্ধে ফৌজদারী দণ্ডবিধিতে কোনো অভিযোগ আনা হবে কিনা।
পিসিবি'র একজন মুখপাত্র জানিয়েছেন যদি তাদেরকে আইনজীবীর অফিস থেকে মুক্তি দেয়া হয়, তাহলে বোর্ড তাদের দ্রুত অভিযোগ থেকে মুক্তি দিয়ে দলে নেবে। পিসিবি চায় অভিযুক্ত তিন ক্রিকেটারের মামলা ঝুলিয়ে না রেখে দ্রুত নিষ্পত্তি করা হোক। যাতে তাদের দলে নেয়ার ব্যাপারটি দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই নিশ্চিত করা যায়।
তবে আসিফের ব্যাপারে আরো একটি সমস্যা আছে। ২০০৮ সালের জুনে দুবাই বিমানবন্দরে মাদকসহ ধরা পড়েছিলেন এই ফাস্ট বোলার। ১৯ দিন পর ছাড়া পেলেও দুবাইয়ে খেলার ব্যাপারে তার নিষেধাজ্ঞা আছে।
পিসিবি'র প্রধান নির্বাচক মোহসিন খান জানিয়েছেন, ''সালমান, আসিফ এবং আমিরের বিকল্প পাওয়া খুবই কঠিন হবে। কাজেই ওদের ব্যাপারে দ্রুত নিষ্পত্তি দরকার। আমরা ওদের দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলাতে চাই। ওরা আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। ওদের ছাড়া দল দুর্বল হতে বাধ্য।''
নির্বাচকরা লন্ডন থেকে পিসিবি প্রধান ইজাজ বাটের ফেরার অপেক্ষায় রয়েছেন। তিনি ফিরলেই প্রকৃত অবস্থা জেনে দল ঘোষণা করবেন নির্বাচকরা। এদিকে দেশে ফেরার পর পিসিবি প্রধান ইজাজ বাটকে পাকিস্তানের সংসদে আগামী ১১ অক্টোবর শুনানিতে হাজির হওয়ার সমন দেয়া হয়েছে।
আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান দু'টি টোয়েন্টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দু'টি টেস্ট খেলবে। ২৩ অক্টোবর আরব আমিরাতে যাবে তারা। তার অন্তত এক সপ্তাহ আগে দল ঘোষণা করতে চায় পিসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/১৮১৩ ঘ.
bdnews24