ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জহির খানের পাঁচ উইকেট নেয়ার পরও ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয়দিন অস্ট্রেলিয়া প্রথম পালায় রান করেছে ৪২৮।
মোহালিতে অস্ট্রেলিয়া শনিবার দিনের খেলা শুরু করে ৫ উইকেটে ২২৪ রান নিয়ে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান শেন ওয়াটসন তার ১০১ রানের ইনিংসটিকে আর খুব একটা লম্বা করতে পারেননি। ২৫ রান যোগ করে ব্যক্তিগত ১২৬ রানে হরভজন সিংয়ের বলে গৌতম গম্ভিরের হাতে ধরা পড়েন তিনি। তখন দলের রান ছিল ২৭৫। ওয়াটসন তার ৩৩৮ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠিয়েছেন দশবার।
আগের দিনের অপর অপরাজিত ব্যাটসম্যান উইকেটরক্ষক টিম পেইন খেলে যেতে থাকেন ধীর-স্থিরভাবে। তিনি তার ১ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যান ৯০-এর ঘরে। দলীয় ৪২৭ রানের মাথায় জহির খানের বলে ভিভিএস লক্ষ্মণের হাতে ধরা পড়ার আগে করেন ৯২। তিনি তার ১৯৬ বলের ইনিংসটি সাজান ১২ টি চার দিয়ে।
অবশ্য এর আগে ৩৫৭ রানের মাথায় সাজঘরে ফেরেন মিচেল জনসন (৪৭) ও নাথান হরিজ (৯)।
পেইন ফিরে যাওয়ার পর দলের রানের সঙ্গে যোগ হয় মাত্র ১ রান। শেষ ব্যাটসম্যান ডাগ বোলিঞ্জার সাত বল খেললেও হিসেবের খাতা খুলতে পারেননি। প্রজ্ঞান ওঝার বলে ঈশান্ত শর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন। তখন অপর প্রান্তে সঙ্গীহারা বেন হিলফেনহস। ২০ রান করে অপরাজিত থাকেন তিনি।
ভারতীয় বোলারদের মধ্যে জহির পাঁচ উইকেট নেন, ৯৪ রানে। তিন উইকেট নেন হরভজন, রান দেন ১১৪।
দুই ম্যাচের টেস্ট সিরিজের অপরটি শুরু হবে ৯ অক্টোবর, ব্যাঙ্গালোরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬২৫ ঘ.
bdnews24