লাহোর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার কাছে পরপর চার ম্যাচ হারার পর পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইকবাল কাশিম বলেছেন, একদিনের ক্রিকেট দলকে ঢেলে সাজানো দরকার।
নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ খোয়ানোর পর অস্ট্রেলিয়ার সঙ্গে পরপর চার ম্যাচে হার মানতে হয় পাকিস্তানকে। ফলে গত ৯ ম্যাচের ৮টিতেই হারলো পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের একটি খেলা এখনো বাকি আছে।
কাশিম দ্য ডনকে বলেন, "অস্ট্রেলিয়ায় পাকিস্তান দলের হতাশাজনক খেলার পক্ষে সাফাই গাওয়ার কোনো উপায় নেই। তাই দলটিকে ঢেলে সাজানো প্রয়োজন।" তবে সিরিজ চলার সময় এ কাজ শুরু করা ঠিক হবে না বলে তিনি মনে করেন।
প্রধান নির্বাচক বলেন, অস্ট্রেলিয়ায় পাকিস্তান দল কেন এতো খারাপ খেলছে, তা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। আরেকটি পত্রিকা দ্য নিউজকে তিনি বলেন, "এক্ষেত্রে দলের ম্যানেজার ও কোচের প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেদন হাতে পাওয়ার পর আমরা অধিনায়কের মতামত নেবো।"
বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে এখনো এক বছরেরও বেশি সময় বাকি। তাই কাশিম বলছেন, "একদিনের দলকে ঢেলে সাজানোর সময় এসেছে। বিশ্বকাপের প্রস্তুতি আমাদের কাছে নিঃসন্দেহে বড় কাজ। আশা করছি সবার সম্মিলিত চেষ্টায় আমরা একটি শক্তিশালী দল বিশ্বকাপে পাঠাতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৫৩ ঘ.
bdnews24