২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দিনেই জয় পেল চট্টগ্রাম

চার দিনের ম্যাচে একদিন বাকি থাকতেই সিলেট বিভাগের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। খুলনা বিভাগের বিপক্ষে ৩৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশাল বিভাগ দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৩ রান তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 06:24 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) চার দিনের ম্যাচে একদিন বাকি থাকতেই সিলেট বিভাগের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। খুলনা বিভাগের বিপক্ষে ৩৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশাল বিভাগ দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৩ রান তুলেছে। অপর ম্যাচে শামসুর রহমানের সেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ২৯৮ রান তুলেছে ঢাকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৪০ রানে দ্বিতীয় দিন শেষ করা সিলেট বিভাগ অলক কাপালি দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও তৃতীয় দিনে ১৪১ রানেই সবকটি উইকেট হারায়। জয়ের জন্য ১২৩ রানে সহজ লক্ষ্যে নেমে রেজাউল করিম ও নাজিমুদ্দিনের ব্যাটে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম বিভাগ। রেজাউল করিম ৬৫ ও নাজিমুদ্দিন ৪০ রান করেন। ফয়সাল হোসেন ম্যান অব দ্য ম্যাচ বিবেচিত হন। ফতুল্লাতে সৈয়দ রাসেলের অর্ধশতকে ভর করে খুলনা বিভাগ ২৩২ রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে। ফলে জয়ের জন্য ৩৬৩ লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৩৩ রান করেছে বরিশাল বিভাগ। আনহুর নেওয়াজ হিমেল ২০ ও শাহরিয়ার নাফিস ১২ রানে ব্যাট করছেন। চট্টগ্রামের অপর ম্যাচে রাজশাহীর বিপক্ষে বড় লিড নিতে যাচ্ছে ঢাকা। দ্বিতীয় ইনিংসে শামসুর রহমানের অনবদ্য ১৩৪ রানের সুবাদে ৫ উইকেটে ২৯৮ রান করেছে ঢাকা বিভাগ। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান উত্তম সরকার ৭৩ রান করেন। শুভাগত রায় ৫৭ রানে ও নাদিফ চৌধুরি ১১ রান নিয়ে ব্যাট করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস ০০২৫ঘ.