ন্যাপিয়ার, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে প্লেট চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে দখল করেছে নবম স্থান।
মমিনুল হক ও অধিনয়াক মাহমুদুল হাসানের অর্ধ-শতকের সুবাদে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে রান করে আট উইকেটে ৩০৭। জয়ের লক্ষ্য ৩০৮ রান তাড়া করতে গিয়ে আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১১২ রানে, ৩৮.৫ ওভারে। হ্যাট্রিক করেন বাংলাদেশের সিম বোলার কামরুল ইসলাম রাব্বি।
ম্যাকলিন পার্কে বৃহস্পতিবার জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আয়ারল্যান্ড। এক শ' রানের আগেই সব ব্যাটসম্যান আউট হয়ে যান কি না, সংশয় দেখা দেয় তা নিয়ে। এ অবস্থায় দলের রানের সঙ্গে ৪১ যোগ করেন বেন অ্যাকল্যান্ড ও গ্রাহাম ম্যাকডোনেল। ৮০ রানের মাথায় ম্যাকডোনেল ৩১ রান করে ফিরে যাওয়ার পর আয়ারল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠোকেন কামরুল ইসলাম রাব্বি। ১১২ রানের মাথায় অষ্টম, নবম ও দশম ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে হ্যাট্রিক করেন তিনি।
এছাড়া বাংলাদেশের বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন আলাউদ্দিন বাবু। রান দেন ৩৩।
এর আগে টস জিতে আয়ারল্যান্ড ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে। শুধু দু'জনের অর্ধ-শতক নয়, অন্য ব্যাটসম্যানদের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের ইনিংস এগিয়ে যায় স্বাচ্ছন্দ্যের সঙ্গে। দলীয় ৪৫ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান আমানুল হকের (২৩) পর ৫২ রানে অপর উদ্বোধনী ব্যাটসম্যান অমিত মজুমদার (২২) বিদায় নিয়ে হোঁচট খায় বাংলাদেশ। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে দলের রানের সঙ্গে ৪৬ যুক্ত হলে কিছুটা হলেও সামলে ওঠে। ৫০ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন সৈকত আলী, ৯৮ রানের মাথায়।
এরপর আর পেছন ফিরে তাকাননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। মমিনুল হক ও অধিনায়ক মাহমুদুল হাসান ১১৯ রানের জুটি গড়ে তুললে নিশ্চিত হয়ে যায় রানের পাহাড়ের নিচে চাপা পড়তে যাচ্ছে আয়ারল্যান্ড। এবং শেষ পর্যন্ত পড়েও। ২১৭ রানের মাথায় মাহমুদুল ৫২ রান করে বিদায় নেন। তার ৬৪ বলের ইনিংসে একটি চার ও একটি ছক্কা রয়েছে। আর মাত্র ৭ রান যোগ হতেই ফিরে যান মমিনুল হক। রান করেন দলের পক্ষে সর্বোচ্চ ৮১। তিনি তার এক শ' বলের ইনিংসটি সাজান ৫টি চার ও একটি ছক্কা দিয়ে।
সাব্বির রহমান মাত্র ২৪ বলে ৪৭ ও নূর হোসেন ১২ বলে ৩১ করলে বাংলাদেশের রান তিন শ'র কোঠা ছাড়িয়ে যায়। সাব্বির চার মেরেছেন দু'টি ও ছক্কা তিনটি। আর তিনটি ছক্কা ও একটি চার রয়েছে নূর হোসেনের ইনিংসে।
আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবারনিয়ে ৪ উইকেট নেন ৫৯ রানে। এছাড়া ৩৩ রান দিয়ে দুই উইকেট নেন ক্রেইগ ইয়ং।
ম্যাচ সেরার পুরস্কার পান মমিনুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০৮ ঘ
bdnews24