২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার নামে শতক উৎসর্গ, তামিমের প্রশংসায় ভারত কোচ

টেস্ট জীবনের দ্বিতীয় শতক যে তামিম ইকবাল মরহুম বাবার নামে উৎসর্গ করবেন, ঢাকার সাংবাদিকদের তা জানাই ছিল। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে তামিম বললেনও সেকথা। বাবা ইকবাল খানের নামেই উৎসর্গ করেছেন ভারতের বিপক্ষে তার অসাধারণ ইনিংসটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 03:21 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট জীবনের দ্বিতীয় শতক যে তামিম ইকবাল মরহুম বাবার নামে উৎসর্গ করবেন, ঢাকার সাংবাদিকদের তা জানাই ছিল। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে তামিম বললেনও সেকথা। বাবা ইকবাল খানের নামেই উৎসর্গ করেছেন ভারতের বিপক্ষে তার অসাধারণ ইনিংসটি। এছাড়া তামিমের ইনিংসের প্রশংসা করেছেন ভারতীয় দলের কোচ গ্যারি কার্স্টেনও। "শতক হাঁকানোর পর বাবার কথা স্মরণ করেছি। জাতীয় দলের হয়ে আমার খেলা দেখার সুযোগ হয়নি তার। উনি যদি বেঁচে থাকতেন এবং আজ (মঙ্গলবার) আমার খেলা দেখতেন, তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম আমি," বললেন তামিম। তামিমের টেস্ট জীবন খুবই ছোট। তারপরও ১৪ টেস্টে জয়ের স্বাদ পেয়েছেন গতবছর ওয়েস্ট ইন্ডিজে। ওই সিরিজে প্রথমবারের মতো শতকও (১২৮ রান) হাঁকান তিনি। দ্বিতীয় শতক পেলেন মঙ্গলবার ভারতের বিপক্ষে ১৫১ রান করে। ১০১ বলে ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০০ রানে পৌঁছান তিনি। বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট ক্রিকেটে এটিই সবচেয়ে দ্রুত শতক। আশরাফুলের পরই দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড এখন তামিমের। ১৪ টেস্টে তামিমের রান ৮৪২। মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পেলেও টেস্ট ক্রিকেটে তামিম নিজেকে অনেকটা 'ধীর-স্থির' বলে দাবি করেন, "টেস্ট ক্রিকেটে আমি এখনও নতুন। ১২/১৩ টেস্ট কোনো অভিজ্ঞতাই নয়। আমাকে পরিস্থিতি বুঝে খেলতে হবে। যেমন আজ শুরুতে যতটা আক্রমণাত্মক ছিলাম, ততটা আক্রমণাত্মক থাকলে বেশিক্ষণ টিকতে পারতাম না। (বীরেন্দ্র) শেবাগ যেমন ওর নিজের মতো খেলে।" তবে পরিস্থিতি বুঝে খেলতে হবে বলে তিনি মনে করেন। ভালো একটা ইনিংস খেলার পরও তৃতীয়দিন শেষ বিকেলে বাজে শট খেলে আউট হওয়ায় আক্ষেপ আছে তামিমের। বলেন, "কয়েকদিন ধরে পরিকল্পনা করছিলাম সারাদিন ব্যাট করে দেড় শ' বা তার চেয়ে বেশি রান করবো। সবই হয়েছে, শুধু পুরোদিন ব্যাট করতে পারিনি। এ জন্য আমার মধ্যে কিছুটা আক্ষেপ আছে।" শতক বাবার নামে উৎসর্গ করলেও তামিম তার সাফল্যের রূপকার মানুষটির প্রতি কৃতজ্ঞতাই প্রকাশ করেছেন। বলেন, "মোহাম্মদ সালাউদ্দিন, আমাদের সাবেক ফিল্ডিং কোচ চাকরি ছেড়ে দেয়ার পরও তিনি আমাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যাটিং অনুশীলন করিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ওনার চাকরি নেই। তারপরও অবিশ্বাস্য রকমের পরিশ্রম করেন। খারাপ খেললে উনি বকা দেন। সোমবার রাতেও আমাকে মেসেজ করে পরামর্শ দেন স্পিন বলে টার্ন থাকলে সুইপ শট খেলতে। অন্য রকম হলে স্বাভাবিক ছন্দে ব্যাট করতে। আমি তার কাছে সত্যিই কৃতজ্ঞ।" এমন দারুণ একটা ইনিংস খেলার পর তামিমের প্রশংসা না করে পারেননি ভারতীয় দলের কোচ গ্যারি কার্স্টেনও। বলেন, "শেবাগের মতো মারকুটে ব্যাটম্যান তামিম ইকবাল। এ ধরণের ব্যাটসম্যানরা সেট হয়ে গেলে দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারে। ভাগ্য ভালো সে আউট হয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১১২ ঘ.