ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা টেস্টে ৩১১ রান এগিয়ে থেকে ৫৪৪ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত।
এরপর ব্যাট করতে নেমে ২৩ ওভার পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে বাংলাদেশ। খেলছেন তামিম ইকবাল ৭১ ও জুনায়েদ সিদ্দিকী ২৭ রান নিয়ে।
বাংলাদেশের ইনিংসের পঞ্চম ওভারে দলের ১৯ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস জহির খানের বলে দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। তিনি করেন ৫ রান।
এর আগে ধোনি আউট হওয়ার পরই ইনিংস ঘোষণা করে ভারত। ভারতীয় অধিনায়ক করেন ৮৯ রান। ৫৪৪ রান তুলতে ৮ উইকেট হারায় সফরকারীরা।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এ খেলায় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন পেসার শফিউল ইসলাম। সাকিব আল হাসান দুটি এবং রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও শাহাদাত হোসেন একটি করে উইকেট নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24