ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের আগে ভারত সরকার দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শেবাগের পদক পাওয়া নিয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শচীন টেন্ডুলকার বলেন, "এটা খুবই সম্মানের। শেবাগ এই পুরস্কার পাওয়ার দাবি রাখে। ভারতের ক্রিকেটে তার অবদান অনেক। গত ১০ বছর ধরে শেবাগ ধারাবাহিকভাবে ভালো খেলছে। তার এই প্রাপ্তি ভবিষ্যত ক্রিকেটারদের মধ্যে প্রেরণার সৃষ্টি করবে।"
মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবস। দিবসটিকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের বিপক্ষে টেস্টে শচীন টেন্ডুলকার দেশকে ভালো কিছু উপহার দিতে চান।
৭৪ টেস্ট খেলে ৬ হাজার ৪০১ রান করেছেন শেবাগ। শতক ১৭টি এবং অর্ধ-শতক ২০টি। সর্বোচ্চ ইনিংস ৩১৯ রানের। একদিনের ক্রিকেটে ২১৯ ম্যাচে রান করেছেন ৭ হাজার ৩৬। সেঞ্চুরি আছে ১২টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৩৫টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২০৪ ঘ.
bdnews24