ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের রান ৫ উইকেটে ৪৫৯। বোলারদের তুলোধুনো করেই এই রান তুলেছে। কিন্তু শচীন টেন্ডুলকার মুখে শোনা গেল স্বাগতিক বোলারদের প্রশংসা। বলেন, আগের টেস্টের মতো সোমবারও ভালো বল করেছেন স্বাগতিক দলের পেসাররা।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত ৮৯.৫ ওভার ব্যাট করে দু'টি সেঞ্চুরিসহ দ্বিতীয়দিন ৩৯০ রান তুলেছে ৫ উইকেটে। সাহাদাতের বলে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাহুল দ্রাবিড় (১১১ রান)। তবে তার আগে তিনি তার ২৯তম শতক আদায় করে নেন। তারপরও বোঝাই যাচ্ছে যথেষ্ট পরিকল্পনা ছিলো বোলিংয়ে। টেন্ডুলকার বললেন, "প্রথম টেস্টে তারা (বাংলাদেশ) খুবই ভালো বল করেছেন। এই ম্যাচেও যথেষ্ট ভালো করছেন। পরিকল্পনা নিয়ে তারা বল করছে। যদিও পরিস্থিতি সমাল দিয়ে আমরা ভালো অবস্থায় পৌঁছে গেছি।"
যে কোন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্থ পেশাদার ক্রিকেটাররা। আর বিশ্বের প্রথম সারির ব্যাটসম্যান হলে তো কথাই নেই। ভারতীয় ব্যাটসম্যানরাও পেশাদার ক্রিকেট খেলেছেন, দ্বিতীয়দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেন লিটল মাস্টার, "ব্যাটিংয়ের জন্য উইকেট খুব একটা সহজ ছিলো না। ধারাবাহিকতা ছিল না বাউন্সে। কখনো নিচু হয়ে, আবার কখনো উঁচু দিয়ে বল বেরিয়ে গেছে।"
ভারতের রান এগিয়ে নিতে শচীনের অবদান সবচেয়ে বেশি। ১৩টি চার ও একটি ছক্কার সাহায্যে ১৮২ বলে করেছেন ১৪৩। এটি তার ক্রিকেট জীবনের ৪৫তম টেস্ট শতক। নিজের সাফল্য নিয়ে বলছিলেন শচীন, "বাংলাদেশ, অস্ট্রেলিয়া, সাউথ (দক্ষিণ) আফ্রিকা, জিম্বাবুয়ে, যে দলের বিপক্ষেই খেলি না কেন, কোনো দলকেই আমি খাটো করে দেখি না। খেলি নিজের মতো, লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। রান করি, শতক পেয়ে যাই।"
তবে টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ঠিক ছিল না বলে ইশান্ত শর্মার মতো শচীনও মনে করেন। বলেন, "এটা আমাদের দেশের মাঠ নয়। বাংলাদেশী ক্রিকেটাররাই মাঠের সঙ্গে বেশি পরিচিত। আমি আসলেই বলতে পারবো না স্বাগতিকদের কি করা উচিত ছিল। তবে আমার মনে হয়, টস হেরে আমাদের লাভই হয়েছে।"
চট্টগ্রামের ও মিরপুরের উইকেটের মধ্যে পার্থক্য আছে বলে মনে করেন টেন্ডুলকার। বলেন, "এই উইকেটে প্রথমদিনের প্রথম সেশনে ব্যাট করা একটু কঠিন ছিল। আমাদের বোলাররা ঠিক জায়গায় বল করে 'কন্ডিশন'র পুরো সুবিধা আদায় করে নিয়েছে। পাঁচ উইকেট তুলে নেয় লাঞ্চের আগেই।
যদিও শচীনের সঙ্গে একমত হতে পারেননি পেসার সাহাদাত হোসেন। বলেন, "মিরপুরের উইকেট এমনই। প্রথমদিন সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ঠিকই ছিল। সাকিব সবার সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেয়।"
উইকেট যেমনই হোক, স্বাগতিক পেসাররা যে উইকেট থেকে কিছুটা সুবিধা আদায় করে নিতে পেরেছেন, প্রসংশা কুড়িয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে, এটাই বা কম কিসে। বোলিং নিয়ে সাহাদাতও খুশি, "আজ (সোমবার) অবস্থা ছিল খুবই কঠিন। উইকেট ছিল ব্যাটিং-সহায়ক। তারপরও আমরা ভালো বল করেছি। বিশেষ করে, আমরা তিন পেসারই নিয়ন্ত্রিত বল করতে পারায় ভালো লাগছে।"
বোলাররা সুযোগ তৈরি করলেও দুর্বল ফিল্ডিংই ডুবিয়েছে বাংলাদেশকে। প্রথম টেস্টর মতো দ্বিতীয় টেস্টেও দু'বার জীবন পেয়ে শতক হাঁকিয়েছেন টেন্ডুলকার। ২৭ রানে রুবেল হোসেনের বলে ক্যাচ তুললেও তা ধরতে পারেননি রকিবুল হাসান। দ্বিতীয় দফায় সাহাদাতের বলে ব্যক্তিগত ৫৩ রানে গালিতে আবারো ক্যাচ দেন শচীন। ফিল্ডিংও ভালো করেননি রকিবুল। এ নিয়ে আক্ষেপও করলেন সাহাদাত, "সবাই চেষ্টা করে ক্যাচ ধরতে। আপসোস রকিবুলের মতো ভালো ফিল্ডার ক্যাচ দু'টি ফেলে দিয়েছে। তবে বোলিং ভালো হওয়ায় আমি খুশি। ক্যাচ 'মিস' খেলারই অংশ।"
লড়াইয়ে ফেরারও আশা করছেন সাহাদাত। বলেন, "তাদের অল-আউট করার পর আমার বিশ্বাস আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলবে। আর ভালো ব্যাট করলে ভারতকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করাতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৫৯ ঘ.
bdnews24