২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

ঢাকা টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ভারতীয় বোলারদের তোপের মুখে ১২৭ রানেই ৭ উইকেট হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 03:47 AM

Updated : 24 Aug 2022, 06:21 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ভারতীয় বোলারদের তোপের মুখে ১২৭ রানেই ৭ উইকেট হারিয়েছে তারা। মধ্যাহ্ন বিরতির পর সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে আউট হন ইমরুল কায়েস, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হয়েছে। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে ভারত। সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ইনিংসের গোড়া পত্তন করতে নামেন তামিম ইকবাল ও ইমরুল। ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। তার বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল। ইমরুল আউট হওয়ার পর নামেন জুনায়েদ সিদ্দিকী। প্রথম টেস্টে খেলা শাহরিয়ার নাফীসের পরিবর্তে দলে ঢুকেছেন তিনি। এরপর তৃতীয় ওভারে জহির খানের বলে বোল্ড হন তামিম। তিনিও রানের খাতা খুলতে পারেননি। দলের স্কোর যখন ২ উইকেটে ৪, তখন নামেন মোহাম্মদ আশরাফুল। পঞ্চম ওভারে আবার আঘাত হানেন জহির। তার বলে ব্যক্তিগত ৮ রানে ধোনির হাতে ক্যাচ তুলে দেন জুনায়েদ। জুনায়েদ আউট হওয়ার পর নামেন ৭ রান নিয়ে খেলা আশরাফুলের সঙ্গী হন রকিবুল হাসান। দলীয় রাত ১৩ থেকে ৪৪ এ উন্নীত করার পর রাহুল দ্রাবিড়ের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রকিবুল। তিনি করেন ৪ রান। দ্বাদশ ওভারে প্রজ্ঞান ওঝার বলে ব্যক্তিগত ৩৯ রানে আশরাফুল ট্যাম্পড হওয়ার পর অধিনায়ক সাকিব আল হাসান ও সহ অধিনায়ক মুশফিকুর রহিম বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালান। ব্যক্তিগত ৩০ রানে মুশফিককে এলবিডাব্লিও হন ইশান্তের বলে। ৩৪ রানে জহির খানের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়কও। এখন মাহমুদুল্লাহ রিয়াদ ৩০ রান নিয়ে খেলছেন। তার সঙ্গী শাহাদাত হোসেন করেছেন ৬ রান। দলীয় স্কোর ১৫২। ভারতের পক্ষে ইশান্ত ও জহির দুজনই তিনটি করে উইকেট নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩২৫ ঘ.