ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাগ্যের জোরে এখনো দলে টিকে আছেন মোহাম্মদ আশরাফুল। তবে তার বদলে দলে নেয়ার মতো ভালো খেলোয়াড় হাতে নেই বলে মনে করেন বাংলাদেশ কোচ জেমি সিডন্স। তার বিশ্বাস ভারতের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশ একটি চমৎকার সুযোগ হারিয়েছে। প্রথম সারির ব্যাটসম্যানরা ভালো খেললে ফলাফল অন্য রকমও হতে পারতো।
আশরাফুল টেস্ট খেলেছেন ৫১টি, গড় ২২.৯২। গত দু'বছরেরও বেশি সময়ের মধ্যে শতক হাঁকিয়েছেন মাত্র একটি, শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৮ সালের ডিসেম্বরে। এখানেই শেষ নয়, ৫০-এর বেশি রানও তার একমাত্র এটিই।
"একথা নিঃসন্দেহে বলা যায় আশরাফুলের ওপর প্রচুর চাপ রয়েছে,"ক্রিকইনফোকে বলেন সিডন্স, "সে নিজেই জানে তার মধ্যে ধারাবাহিকতার খুবই অভাব। এ ব্যাপারে আমরা কথা-বার্তাও বলেছি। এদিক দিয়ে তাকে অবশ্য রীতিমতো ভাগ্যবানই বলতে হবে। কেননা সে এখনো দলে আছে। কোনো ভালো খেলোয়াড় না পাওয়া পর্যন্ত তাকেই খেলানো হবে।"
তিনি বলেন, "একথা ঠিক যে শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকানোর পর অনেকদিন পেরিয়ে গেছে, তারপরও আমি আশা করছি দ্বিতীয় টেস্টে সে রান পাবে। অনুপ্রাণিত করবে দলকেও।"
এর আগে জাতীয় ক্রিকেট দলের নির্বাচক আকরাম খান বলেছিলেন, সিনিয়র খেলোয়াড়ের অভাবে তারা আশরাফুলকে খেলাতে বাধ্য হচ্ছেন। কিন্তু তার এই যুক্তির সঙ্গে মোটেও একমত নন সিডন্স। বলেন, "শুধু মাত্র অভিজ্ঞতার কারণে আমি কাউকে মাঠে নামানোর পক্ষে নই। তাকে অবশ্যই ভালো খেলতে হবে।"
সিডন্স মনে করেন, আক্ষরিক অর্থেই আশরাফুলের মতো কিংবা তার চেয়ে ভালো ক্রিকেটার এই মুহূর্তে হাতে নেই। তাই সে দলে রয়েছে। তবে ধীরে ধীরে তার ওপর চাপ বাড়ছেই।
প্রথম টেস্টের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, প্রথম সারির ব্যাটসম্যানরা ভালো খেললে বাংলাদেশ অনেক ভালো করতে পারতো। এমনকি, টেস্টটিও জিতে নিতে পারতে। "একথা নিশ্চিত যে আমরা একটি সুযোগ হারিয়েছি। প্রথম ইনিংসে ভালো বল করায় আমাদের জন্য চমৎকার একটি সুযোগের সৃষ্টি হয়েছিল। কিন্তু দুই ইনিংসেই প্রথম ৩০ ওভারে আমরা ভালো ব্যাট করতে পারিনি,"বিশ্লেষণ সিডন্সের।
তিনি বলেন, "প্রথমদিকের ব্যাটসম্যানদের অবশ্যই ভালো খেলতে হবে। প্রথম ৩০ ওভার ভালো খেললে বড় একটা সংগ্রহ গড়ে তোলার ক্ষমতা এই দলটির আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৫৯ ঘ
bdnews24