ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম)- চট্টগ্রাম টেস্টের শেষ দিনের শুরুতেই মো. আশরাফুল ও রকিবুল হাসানকে আউট করে বাংলাদেশের ওপর চাপ বাড়িয়ে তুলেছেন ইশান্ত শর্মা।
উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের সঙ্গে এখন খেলছেন দলনায়ক সাকিব আল হাসান।
জয়ের জন্য ৪১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বুধবার ২ উইকেটে ৬৭ রান তোলে টাইগাররা। আউট হন ইমরুল কায়েস (১) ও শাহরিয়ার নাফীস (২১)।
বৃহস্পতিবার আগের দিনের স্কোরের সঙ্গে ১২ রান যোগ করেই ব্যক্তিগত ২৭ রানে স্লিপে রাহুল দ্রাবিড়ের হাতে ক্যাচ তুলে দেন আশরাফুল। এরপর দলীয় রাতে ইশান্ত শর্মার বলেই ১৩ রানে এলবিডাব্লিও হন রকিবুল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১১৪। খেলছেন তামিম ৪০ ও সাকিব ৫ রানে।
ভারতের পক্ষে ইশান্ত নিয়েছেন তিনটি উইকেট। বাকি উইকেটটি পেয়েছেন জহির খান।
জয়ের জন্য এখনো ৩০১ রান করতে হবে বাংলাদেশকে। হাতে উইকেট রয়েছে ৬টি। প্রথম ইনিংসে ভারতের ২৪৩ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমে গিয়েছিল ২৪২-এ।
ভারতের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন গৌতম গম্ভীর (১১৬)। এছাড়া হাফ সেঞ্চুরি করেন অমিত মিশ্র ও ভিভিএস লক্ষণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১১৯ ঘ.
bdnews24