পামারস্টোন নর্থ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানের কাছে চার উইকেটে হেরে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আহমেদ শেহজাদ ও বাবর আজমের হাফ-সেঞ্চুরির সুবাদে ২৫১ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান ছয় উইকেটে, এক বল বাকি থাকতে। প্রথমে ব্যাট করে অধিনায়ক মাহমুদুল হাসান ও আনামুল হকের হাফ-সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ রান করে পাঁচ উইকেটে ২৫০।
নিউজিল্যান্ডের ফিটজহারবের্ট পার্কে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেহজাদ ও আজম। জুটিতে ১০৪ রান তোলার পর সাব্বির রহমানের বলে নূরুল হাসানের হাতে ধরা পড়ে বিদায় নেন শেহজাদ। ৯৫ বলে ৫২ রান করেন তিনি। চার মেরেছেন পাঁচটি ও ছক্কা একটি। দলের রানের সঙ্গে আর ৯ রান যোগ হতেই ১১৩ রানের মাথায় ফিরে যান রমিজ আজিজ (৭)।
এরপর আজিম ঘুম্মানের সঙ্গে জুটি বেঁধে ৬০ রান যুক্ত করেন আজম। ১৭৩ রানে ঘুম্মান শাকের আহমেদের বলে উইকেটরক্ষক আনামুল হকের স্ট্যাম্পিংয়ের শিকার হন ঘুম্মান (১৯)। দলের রানের সঙ্গে আর কোনো রান যোগ না হতেই মাহমুদুলের বলে শাকের আহমেদের হাতে ধরা পড়ার আগে আজম করেন ৯১। তার ১১০ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা রয়েছে। ১৮২ রানে ওসমান কাদির (৩) ও ১৯৯ রানে সারমাদ ভাট্টি (৯) বিদায় নিলে পথ হারিয়ে ফেলে পাকিস্তান। তখন মনে হচ্ছিল জিততে চলেছে বাংলাদেশ। কেননা পাকিস্তানের হাতে উইকেট থাকলেও সময় গড়িয়ে যাচ্ছিল দ্রুত।
শেষ ২১ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৫২ রান। এ অবস্থায় ম্যাচ জেতার আশা করতেই পারে বাংলাদেশ। কিন্তু অস্টম ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেই ঝড় তোলেন মোহাম্মদ ওয়াকাস। চার বাউন্ডারি ও দুই ছক্কার সাহায্যে ১৪ বলে ৩৪ রান তুলে বাংলাদেশের হাত থেকে ম্যাচ বের করে নেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ রান করে ২৫০, পাঁচ উইকেটে। মাহমুদুল ৬৪ বলে ৬৩ রান করে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন। তিনি তার ইনিংসটি সাজান ৯টি চার দিয়ে। এছাড়া আনামুল ছয়টি চার ও একটি ছক্কার সাহায্যে করেন ৫৫। তিনি খেলেছেন ৭৭ বল।
পাকিস্তানের ওসমান কাদির ৪৪ রানে দুই উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ রানে হার মানায় ডি গ্র"পের নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। সে সম্ভাবনা জাগিয়েও তুলেছিলো। কিন্তু বাংলাদেশ হেরে যাওয়ায় ডি গ্র"প থেকে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় পর্বে উঠে গেল। অন্যান্য গ্র"প থেকে দ্বিতীয় পর্বে উঠেছে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২৩৬ ঘ.
bdnews24