২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের জন্যই খেলবে বাংলাদেশ: সাকিব

লক্ষ্য যতো বড়ই হোক জেতার জন্যই খেলবে বাংলাদেশ। পঞ্চম দিন পুরো তিন সেশন ব্যাট করতে পারলে জয় পাওয়া যাবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 03:40 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

সেকান্দার আলী ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্য যতো বড়ই হোক জেতার জন্যই খেলবে বাংলাদেশ। পঞ্চম দিন পুরো তিন সেশন ব্যাট করতে পারলে জয় পাওয়া যাবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। "আমাদের লক্ষ্য কাল (বৃহস্পতিবার) সারাদিন ব্যাট করা। পুরো দিন ব্যাট করতে পারলে ম্যাচ জিতে যাবো। এ জন্য সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে,"বেশ জোরের সঙ্গেই বললেন সাকিব। চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৪১৮ রান করে টেস্ট জয়ের রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। ভারতের দেয়া ৪১৫ রানের লক্ষ্য তাড়া করে জিতলে বাংলাদেশও গড়ে ফেলবে একটি রেকর্ড। কেননা এত রান তাড়া করে বাংলাদেশ কখনো ম্যাচ জেতেনি। কিন্তু প্রতিপক্ষ যে এই মুহূর্তে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল। সে কথা জেনেও জয়ের কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক, "আমার মনে হয় উইকেট ব্যাটিংয়ের জন্য এখন খুবই ভালো। বল ঘুরছে না। স্পিনাররা সামান্য সাহায্য পেতে পারে। তবে ৩০/৩২ ওভার খেলা হয়ে গেলে স্পিনাররাও কোনো সুবিধা পাবে না। আমরা ধৈর্য্য ধরতে পারলেই জিতে যাবো।" চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৪১৩ শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় ২০০৮ সালে। যদিও সে টেস্টে হেরেছে বাংলাদেশ। সেই ইনিংস থেকে প্রেরণা নিয়ে বৃহস্পতিবার নিজেদের উজাড় করে দিয়ে খেলতে চান স্বাগতিক দলের ক্রিকেটাররা। সাকিব বলেন, "শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের একটা ভালো ইনিংস আছে। সেটাকেই প্রেরণা হিসেবে কাজে লাগাতে চেষ্টা করবো। সে কথা মনে করিয়ে দিয়ে সবাইকে চাঙ্গা করে তোলার চেষ্টা করবো। জিততে হলে সবাইকে ভালো ব্যাট করতে হবে।" ভারতের দেয়া ৪১৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে ৬৭ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। ইমরুল কায়েস ১ ও শাহরিয়ার নাফিস ২১ রান করে বিদায় নিয়েছেন। তবে অপরাজিত থেকেই দিন পার করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (২৩ রান) ও মোহাম্মদ আশরাফুল (১৬ রান)। জয়, পরাজয় বা ড্র, খেলা কোন দিকে মোড় নেবে তার অনেকটাই নির্ভর করছে এই জুটির ওপর। জিততে হলেও এখনো ৩৪৮ রান করতে হবে স্বাগতিকদের। তবে তামিম এবং আশরাফুল শেষ দিনের প্রথম সেশনটা পার করে দিতে পারলে লড়াইটা জমে উঠবে। সাকিব বললেন, "কেউ আসলে আউট হতে চায় না। তারপরও ইমরুল এবং নাফিস ভাই দেখে শুনে খেললে বিনা উইকেটে আমরা দিন শেষ করতে পারতাম। তবে এখনই বলা যাবে না, ম্যাচ আমাদের হাত ছাড়া হয়ে গেছে।" তিনি বলেন, "শাহরিয়ার নাফিস এখনো ছন্দে ফিরতে পারেনি। তার ফুটওয়ার্কে সমস্যা হচ্ছে। জেমি (সিডন্স) তাকে নিয়ে কাজ করছে। আমার মনে হয় শিগগিরই সে নিজেকে ফিরে পাবে।" আইডিয়া কাপ ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং ভালো হলেও বাংলাদেশের বোলাররা জ্বলে উঠতে পারেননি। টেস্টে হচ্ছে উল্টো। ভারতের ব্যাটিং দূর্গ ভাঙ্গতে যথেষ্ট চেষ্টা করেছেন বোলাররা। বিশেষ করে, পেসারদের প্রশংসা না করে পারেননি সাকিব, "আমি খুবই খুশি, পেসাররা ভালো বল করায়। যতটা আশা করা হয়েছিল তার চেয়েও ভালো বোল করেছে তারা। শুধু আমি একা নই, কোচ ও কর্মকর্তা, সবাই তাদের ওপর খুশি।" ভারত যে এখন সুবিধাজনক অবস্থায় আছে, সংবাদ সম্মেলনে সে কথাই বলেছেন দ্বিতীয় ইনিংসের 'সেঞ্চুরিয়ান' গৌতম গম্ভীর। ৪১৩ রানের বড় স্কোরে তার অবদান ১১৬। বলেন, "উদ্বোধনী ব্যাটসম্যানের প্রধান দায়িত্ব দলকে একটা ভাল স্কোরের পথে নিয়ে যাওয়া। আমি নিজের দায়িত্ব পালন করতে পেরেছি।" তার মতে, বাংলাদেশকে যে লক্ষ্য দিয়েছে ভারত, তা টপকে যাওয়া বেশ কঠিন। গম্ভীর বলেন, "৪১৫ অনেক বড় স্কোর। জিততে হলে এখনও ৩৫০ রান করতে হবে স্বাগতিকদের। বোলাররা সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছে দলকে। কাল (বৃহস্পতিবার) তারা (বাংলাদেশ) যদি ভালো ব্যাট করে, তাহলে টেস্ট জমে উঠবে।" নিষ্প্রাণ উইকেট হলেও গম্ভীর আশা করছেন বোলাররা ম্যাচ জেতার জন্যই লড়াই করবেন, সেই সঙ্গে নিজের সাফল্য নিয়েও কথা বলেন গম্ভীর, "আমি কখনোই সেঞ্চুরির লক্ষ্য নিয়ে মাঠে নামি না। চেষ্টা করি রান করার। সেঞ্চুরির কথা ভাবলেই চাপ অনুভব করি। বরং দলের জন্য খেললে এমনিতেই সেঞ্চুরি আসবে। সেঞ্চুরি করায় আমি খুশি।" এ পর্যন্ত ২৮তম টেস্টে নবম, আর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় বারের মতো সেঞ্চুরি করেন ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যান। অভিষেক-সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের বিপক্ষেই। তাই প্রতিবেশী দেশটি সফর করতে তার খুব ভাল লাগে বলে জানান গম্ভীর, "বাংলাদেশে ভাগ্য সব সময় আমার পক্ষে থাকে। তাই এখানে বার বার আসতে চাই। তবে ভবিষ্যত তো বলা যায় না, এমন সৌভাগ্যের দিন নাও থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৪৮ ঘ.