২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাপে আছে বাংলাদেশ

বাংলাদেশকে চেপে ধরেছে ভারত। জেতার জন্য ৪১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে দুই উইকেটে তুলেছে ৬৭। জয়ের লক্ষ্য থেকে এখনো পিছিয়ে আছে ৩৪৮ রানে। হাতে উইকেট আছে আটটি। তবে জয়ের চেয়ে ব্যাটসম্যানরা যে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নামবেন, তা বলাই বাহুল্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 08:50 AM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম) - বাংলাদেশকে চেপে ধরেছে ভারত। জেতার জন্য ৪১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে দুই উইকেটে তুলেছে ৬৭। জয়ের লক্ষ্য থেকে এখনো পিছিয়ে আছে ৩৪৮ রানে। হাতে উইকেট আছে আটটি। তবে জয়ের চেয়ে ব্যাটসম্যানরা যে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নামবেন, তা বলাই বাহুল্য। এর আগে চা-বিরতির পরপর ৪১৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত, আট উইকেটে। প্রথম ইনিংসে ভারতের ২৪৩ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমে গিয়েছিল ২৪২-এ। ফলে পিছিয়ে ছিল এক রানে। উইকেটে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ২৩ রান নিয়ে। এছাড়া সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল করেছেন ২০ বলে ১৬। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়েই বিপদে পড়ে বাংলাদেশ। মাত্র ৮ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ১ রান করে উইকেটের পেছনে দিনেশ কার্তিকের হাতে ধরা পড়েন জহির খানের বলে। দলের রানের সঙ্গে ৩৯ যোগ হওয়ার পর ফিরে যান শাহরিয়ার নাফীস (২১)। ইশান্ত শর্মার অফ-স্ট্যাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে গালিতে ক্যাচ দেন ভারপ্রাপ্ত অধিনায়ক বীরেন্দ্র শেবাগের হাতে। বুধবার সকালে জেতার প্রবল আকাঙ্খা নিয়েই মাঠে নামে ভারত। দুই অপরাজিত ব্যাটসম্যান গৌতম গম্ভীর ও নাইটওয়াচ-ম্যান অমিত মিশ্র এক উইকেটে ১২২ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। বেশ দ্রুত দলের রানের সঙ্গে ৯৮ যোগ হওয়ার পর ১৮৮ রানের মাথায় ফিরে যান অমিত। এর মধ্যে ৬৬ রান যোগ করেন তারা সকালে। মাহমুদুল্লাহ রিয়াদের অফ-স্ট্যাম্পের বাইরের বল উইকেট থেকে বেরিয়ে খেলতে গিয়ে মিড-অফে ক্যাচ তুলে দেন তামিম ইকবালের হাতে। তবে এর আগেই তিনি পৌঁছে যান তার টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরিতে। রান করেন ঠিক ৫০, ৬৯ বল খেলে। চার মেরেছেন ছয়টি। কিন্তু থেমে থাকেননি উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর, রীতিমতো মেরে খেলে যেতে থাকেন। দলের রানের সঙ্গে ৪৫ যুক্ত হওয়ার পর ২৩৩ রানের মাথায় ১১৬ রান করে শফিউল ইসলামের বলে শাহরিয়ার নাফীসের হাতে ধরা পড়েন। শর্ট ও স্ট্যাম্পের অনেক বাইরের বল কাট করতে গেলে ব্যাটের কানায় লেগে বল সোজা চলে যায় থার্ড-ম্যান অঞ্চলে নাফীসের হাতে। পাঁচ টেস্টে পঞ্চম সেঞ্চরিতে পৌঁছান ১১৮ বলে আটটি চার ও একটি ছক্কার সাহায্যে। তার ১২৯ বলের ইনিংসে চার রয়েছে দশটি ও ছক্কা একটি। এছাড়া ভিভিএস লক্ষ্মণের হাফ-সেঞ্চুরির পাশাপাশি অন্য ব্যাটসম্যানরা কম-বেশি রান করায় ভারত চার শ' ছাড়িয়ে যায়। তবে প্রথম ইনিংসের মেরুদন্ড বিশ্বের সেরা ব্যাটসম্যানদের অন্যতম শচীন টেন্ডুলকার এ ইনিংসে মোটেও সুবিধা করতে পারেননি। ২৬ বলে ১৬ রান করে রুবেল হোসেনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। অফ-স্ট্যাম্পের উপর গুড-লেঙথে পড়ে সুইং করে আরো ভেতরে ঢুকছিল বলটি। টেন্ডুলকার অন-সাইডে খেলতে গিয়ে ব্যাটে-বলে এক করতে পারেননি। বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে প্যাডে আঘাত হানে। আঙ্গুল তুলতে আম্পায়ারকে এক মুহূর্তও ভাবতে হয়নি। তখন দলের রান ছিল ২৭২। অথচ প্রথম ইনিংসে এক প্রান্তে যখন উইকেট পড়ছিল, তখন অন্য প্রান্তে তিনি ছিলেন অবিচল। দলের ২৪৩ রানের মধ্যে তার অবদান ছিল অপরাজিত ১০৫। তবে রাহুল দ্রাবিড় ও যুবরাজ সিং এই টেস্টের কথা ভুলে যেতে চাইবেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি দ্রাবিড়। ৫০ বলে মাত্র ২৪ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন। ওয়াইড মিড-উইকেটে বল ঠেলে দিয়েই এক রান নেয়ার চেষ্টা করেন তিনি। সাকিবের থ্রোতে সরাসরি নন-স্ট্রাইকার প্রান্তের উইকেট ভেঙে যায়। দ্রাবিড় ক্রিজে পৌঁছলেও ব্যাট মাটি ছুঁয়ে ছিল না, ছিল হাওয়ায়। টেন্ডুলকারের আগে ২৪৫ রানে সাজঘরে ফেরেন তিনি। প্রথম ইনিংসে রান করেছিলেন মাত্র ৪। সুবিধা করতে পারেননি যুবরাজ সিংও। ৩১৩ রানের মাথায় সাহাদাত হোসেনের বলে শর্ট-কাভারে মোহাম্মদ আশরাফুলের হাতে ধরা পড়ার আগে করেন ২৫। প্রথম ইনিংসে আউট হয়েছিলেন তিনি মাত্র ১২ রান করে। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক ২৭ ও জহির খান ২০ রান করলে ভারতের রান চার শ'র কোঠা ছাড়িয়ে যায়। শেবাগের ইনিংস ঘোষণার সময় উইকেটে ছিলেন লক্ষ্মণ ৬৯ ও ইশান্ত শর্মা ৭ রান নিয়ে। টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ দু'টি করে উইকেট নেন। এজন্য সাকিবকে খরচ করতে হয় ১১২ রান। মাহমুদুল্লাহ দেন ৫২। এছাড়া একটি করে উইকেট নেন শফিউল ইসলাম, সাহাদাত হোসেন ও রুবেল হোসেন। বাংলাদেশ রান তাড়া করে জিতেছিল কেবল একবার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২১৫ রানের জয়ের লক্ষ্য টপকে ২১৭-তে পৌঁছে ছয় উইকেটে। বাকি দু'টি টেস্টর একটি জেতে ওই ওয়েস্ট ইন্ডিজ ও অন্যটি জিম্বাবুয়ের বিপক্ষে। এ দু'টি ম্যাচে বাংলাদেশই লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল প্রতিপক্ষকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫২ ঘ.