চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটিং বিস্ময় শচীন রমেশ টেন্ডুলকার আরো একটি মাইলফলক অতিক্রম করেছেন। টেস্ট ক্রিকেটে ১৩ হাজার রানের কোটা পেরিয়ে গেছেন রোববার চট্টগ্রাম টেস্টে। যদিও রেকর্ড নিয়ে খুব বেশি ভাবান্তর নেই ভারতের সাবেক অধিনায়কের।
তার মতে, দলের প্রয়োজনের খেললে এক সময় রেকর্ড হবেই।
শচীন বলেন,"যখন ব্যাট করছিলাম তখন রেকর্ডের কথা ভাবিনি। একের পর এক উইকেট হারাচ্ছিলো দল। তখন পরিস্থিতি সামাল দেয়াই ছিলো আমার লক্ষ্য। কিন্তু ১৩ হাজার রান হওয়ার পর স্ক্রিনে যখন আমাকে অভিন্দন জানাচ্ছিলো তখন সেটা উপভোগ করেছি। তবে দলের সাফল্যে অবদান রাখতে পারলে বেশি ভাল লাগে। সে চেষ্টাই করেছি।"
১৬৩ তম টেস্ট খেলার আগে শচীনের সংগ্রহে জমা ছিলো ১২৯৭০ রান। ১৩ হাজারি ক্লাবে নিজের একক কৃতিত্ব অর্জনের জন্য দরকার ছিলো ৩০ রান। সেটা পুরণ করে এগিয়েছেন হাফ সেঞ্চুরির দিকে। দিন শেষে ৭৬ রানে অপরাজিত আছেন। স্বপ্ন দেখতেই পারেন ক্যারিয়ারের ৪৪ তম টেস্ট সেঞ্চুরি তুলে নেয়ার।
শচীন এখন আর করো কেরর্ড ভাঙ্গেন না, শুধুই রেকর্ড গড়েন। টেস্ট কিম্বা ওয়ানডে সব জায়গাতেই তার একক আধিপত্য। রানের আধিপত্য, সেঞ্চুরি এমন কি ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড শুধুই তার।
তার পরের অবস্থানে আছেন ব্রায়ান লারা। ১১ হাজার ৯৫৩ রান নিয়ে লারা এখন অবসরে। ১১ হাজার ৮৫৯ রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক রিকি পন্টিং। শচীনকে পেছন থেকে ধাওয়া করতে পারেন কেবল পন্টিংই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/ঘ.
bdnews24