পামারস্টন, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে ঘাটে এসে তরী ডুবিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে রোববার ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হেরেছে ১ রানে।
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের ইনিংস থেমে যায় ২৪৮ রানে। তখনো বাকি ছিল দুই বল।
ফিটজহারবের্ট পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমেই পথ হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২০ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। এ অবস্থায় হাল ধরে দলকে টেনে তোলেন অধিনায়ক আন্দ্রে ক্রিয়ারি ও ইয়ানিক ক্যারিয়াহ। দু'জনে মিলে দলের রানের সঙ্গে ১২০ যোগ করার পর ১৪০ রানে আবুল হাসানের বলে মাহমুদুল হাসানের হাতে ধরা পড়েন ক্যারিয়াহ। ৭৬ বল খেলে ৪৪ রান করেন তিনি তিনটি চারের সাহায্যে।
এরপর উইকেট রক্ষক ব্যাটসম্যান শেন ডরউইচ ৩৫, আকিম দেওয়ার ৩৯ ও জারমেইন ব্ল্যাকউড মাত্র ২৮ বলে ৪৮ রান করলে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৪৯ রান করে।
বাংলাদেশের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন আবুল হাসান ও শাকের আহমেদ।
জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫১ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশও। সাব্বির রহমান ৫২ বলে ৫৩ ও অধিনায়ক মাহমুদুল হাসান ৫৮ বলে ৩২ রান করে বিপদ মুক্ত করেন দলকে। সেই সঙ্গে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন তাসামুল হক। ২৪৮ রানের মাথায় নবম উইকেট (তাসামুল হাসান) পড়ে গেলেও জয় থেকে দল তখন মাত্র ২ রান দূরে। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের, ওই ২৪৮ রানের মাথায় রান আউটের শিকার হন শাকের আহমেদ। তাসামুল ৫৪ রান করেন ৫৭ বলে। চার মারেন তিনটি।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে তিন উইকেট নেন আকিম দেওয়ার ৬৩ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন জোমেল ওয়ারিক্যান ও ইয়ানিক ক্যারিয়াহ।
দিনের অপর তিনটি ম্যাচে অস্ট্রেলিয়া ২০৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। হংকংয়ের বিপক্ষে ভারত জিতেছে ৯ উইকেটে। আর শ্রীলঙ্কা ৮ উইকেটে জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে।
এর আগে বাংলাদেশ হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০৮ ঘ.
bdnews24