২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগের মন্তব্যের জবাব দিতে চান ক্রিকেটাররা

টেস্টে বাংলাদেশ পাত্তাই পাবে না-ভারতের সহ-অধিনায়ক বীরেন্দ্র শেবাগের এ মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলাদেশ শিবিরে। এর জবাব মাঠেই দিতে চান ক্রিকেটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 02:52 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্টে বাংলাদেশ পাত্তাই পাবে না-ভারতের সহ-অধিনায়ক বীরেন্দ্র শেবাগের এ মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলাদেশ শিবিরে। এর জবাব মাঠেই দিতে চান ক্রিকেটাররা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় দলের প্রধান কোচ জেমি সিডন্স তার প্রতিক্রিয়ায় বলেন, প্রতিপক্ষকে নূন্যতম সম্মান দেখানোই ভদ্রতা। পরোক্ষভাবে শেবাগকে যেন এক হাত নিতে চেষ্টা করলেন জেমি সিডন্স, "শেবাগ সুপার স্টার, তিনি অনেক কথাই বলতে পারেন। তবে আমি অস্ট্রেলিয়া দলের সঙ্গে থেকে তাদের বিপক্ষে অনেক জয় দেখেছি। এমন কি, টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষেও ছিলো অস্ট্রেলিয়া। তারা আমাদের বিপক্ষে উৎসব করতে চান তাতে আপত্তি নেই। দেখা যাক, আমাদের ছেলেরা কি করতে পারে।" এরপরই সংবাদ সম্মেলনে মুচকি হেসে প্রতি-উত্তর দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। বলেন, "আমারা একদিনের ম্যাচে যে কোন দলকে হারানোর সামর্থ রাখি, হয়তো টেস্টে তেমনটা নাও হতে পারে। তবে এটুকু সত্য যে আমরা টেস্ট ক্রিকেটে বেশ উন্নতি করেছি এবং উন্নতির ধারায় আছি। এখন দেখা যাক, আমরা ভারতের বিপক্ষে কি করতে পারি। বাংলাদেশ দলকে এখন আর হেলাফেলা করে দেখার অবস্থায় নেই।" শেবাগের মন্তব্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ায় জাতীয় দলের ক্রিকেটার এবং কর্মকর্তাদের মধ্যেও সমালোচনার ঝড় ওঠে। সহ-অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, শেবাগ এমনই। প্রতিপক্ষের প্রতি সামান্য শ্রদ্ধাবোধ নেই তার। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালও মুখ বন্ধ করে রাখেননি, বলেন, "আমরা মাঠেই জবাব দিতে চাই। ভালো খেলতে পারলে ভারতীয় ক্রিকেটারদের মুখ বন্ধ হয়ে যাবে।" ২০০৬ সালের এপ্রিলে ফতুল্লায় টেস্ট শুরুর আগে এমনই এক মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। তার জাবাব ভালই দিয়েছিলেন আশরাফুল, হাবিবুল বাশাররা। অস্ট্রেলিয়াকে চাপে রেখে শেষ মুহূর্তে হেরে যায় বাংলাদেশ। এর ফলে সমীহ আদায় করে নিতে পেরেছিলো স্বাগতিক ক্রিকেটাররা। বিষয়টি ভোলেননি জাতীয় দলের ক্রিকেটাররা। সে সময় জাতীয় দলের সদস্য না হলেও ঘটনাটা সাংবাদিকদের মনে করিয়ে দিলেন উইকেট কিপার মুশফিকুর রহিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০২১ ঘ.