২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগে জয় পেয়েছে রাজশাহী ও ঢাকা

জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচে তৃতীয় দিনেই বড় জয় পেয়েছে রাজশাহী ও ঢাকা বিভাগ। রাজশাহী ইনিংস ও ১৩৯ রানের ব্যবধানে হারিয়েছে সিলেটকে। একই দিনে জয় তুলে নিয়েছে ঢাকাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 02:41 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচে তৃতীয় দিনেই বড় জয় পেয়েছে রাজশাহী ও ঢাকা বিভাগ। রাজশাহী ইনিংস ও ১৩৯ রানের ব্যবধানে হারিয়েছে সিলেটকে। একই দিনে জয় তুলে নিয়েছে ঢাকাও। শীর্ষ চার ব্যাটসম্যানের অর্ধশতকের ওপর ভর করে ঢাকা বিভাগ ৮ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগকে। লিগের অপর ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে চট্টগ্রাম বিভাগ। ফতুল্লাতে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহীর প্রথম ইনিংসে করা সাত উইকেটে ৫২৯ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক রাজিন সালেহর (১১২) সেঞ্চুরিতেও বড় পরাজয় এড়াতে পারেনি সিলেট। প্রথম ইনিংসে ১৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৪৬ রানেই গুটিয়ে যায় সিলেট বিভাগ। সাকলায়েন সজিব প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নিয়ে সিলেটের ইনিংসে ধস নামান। এ সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি। দ্বিতীয় ইনিংস ব্যাট করে খুলনার ২৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে উত্তম সরকার, রনি তালুকদার, শামসুর রহমান ও মার্শাল আইয়ুবের টানা চার অর্ধশতকে ৫৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। উত্তম সরকার ৫৩, রনি তালুকদার ৬৪, শামসুর রহমান অপরাজিত ৫৩ ও মার্শাল আইয়ুব অপরাজিত ৫২ রান করেন। পেসার তালহা জুবায়ের প্রথম ইনিংসে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে দলের জয়ে সবচে বড় ভূমিকা পালন করেন। তাই ম্যাচসেরা বিবেচিত হন এ পেসার। খুলনাতে অনুষ্ঠিত জাতীয় লিগের অপর ম্যাচে ফয়সাল হোসেনের অর্ধশতকের (৬৭) সুবাদে দ্বিতীয় ইনিংসে ২৬৯ রান তুলতে সক্ষম হয় চট্টগ্রাম বিভাগ। ফলে জয়ের জন্য বরিশাল বিভাগের লক্ষ্য এখন ২৩১ রান। তবে দ্বিতীয় ইনিংসে ৫৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়েছে বরিশাল। প্রথম ইনিংসে বরিশাল ২৩৯ রান করেছিল। জবাবে প্রথম ইনিংসে ২০০ রান তুলতে পেরেছিল চট্টগ্রাম। বিডিনিউজ টোয়েন্টিফর ডটকম/এএইচএস