হোবার্ট, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিকি পন্টিংয়ের ডাবল ও মাইকেল ক্লার্কের সেঞ্চুরির সুবাদে ৫১৯ রানের বিশাল পাহাড় গড়ে তুলেছে অস্ট্রেলিয়া, আট উইকেট হারিয়ে। জবাবে মাত্র ৯৪ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান। এখনো পিছিয়ে আছে ৪২৫ রানে। ফলো-অন এড়াতেও যেতে হবে অনেকটা পথ, করতে হবে আরো ২২৫। হাতে উইকেট আছে ছয়টি।
হোবার্টে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার অস্ট্রেলিয়ার বিশাল স্কোরের জবাব দিতে গিয়ে শুরুটা বেশ ভালোই করেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান ফারহাত ও সালমান বাট। দলের ৬৩ রানের মাথায় ইমরান ফারহাত ৩৮ রান করে পিটার সিডলের বলে উইকেটের পেছনে ব্র্যাড হ্যাডিনের হাতে ধরা পড়ার পরই মোড়ক লাগে ইনিংসে। হিসেবের খাতা খোলার আগেই ফিরে যান ওয়ানডাউন খুররম মঞ্জুর। দলের রানের সঙ্গে আর ১১ যোগ হতেই দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন মোহাম্মদ ইউসুফ (৭)। ৮৪ রানের মাথায় ফিরে যান উমর আকমল ৮ রান করে। রান-আউট হন তিনিও। ফলে বাকি তিন দিনে হার এড়ানো পাকিস্তানের জন্য আক্ষরিক অর্থেই কঠিন হবে।
উইকেটে আছেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান সালমান ৩৪ রান নিয়ে। শোয়েব মালিক করেছেন অপরাজিত ৪।
অসি বোলারদের মধ্যে সিডল ২ উইকেট নেন ২০ রানে।
এর আগে অস্ট্রেলিয়া দিনের খেলা শুরু করে তিন উইকেটে ৩০২ রান নিয়ে। অধিনায়ক পন্টিং ও ক্লার্ক আগের দিন যেভাবে শেষ করেছেন, ঠিক সেভাবেই তারা শুরু করেন নতুন দিন। দু'জনে মিলে ৩৫২ রান যোগ করার পর দলীয় ৪২৩ রানের মাথায় বিদায় নেন মাইকেল ক্লার্ক। ১১১ রানে দিন শুরু করে দানিশ কানেরিয়ার বলে বোল্ড হওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ১৬৬ রান করেন তিনি। তার ৩২৮ বলের ইনিংসে চার রয়েছে ১৯টি। কানেরিয়ার স্পিন ঠিক মতো বুঝতে পারেননি তিনি। ব্যাট দিয়ে নয়, খেলতে গিয়েছিলেন প্যাড দিয়ে। কিন্তু প্যাডকে ফাঁকি দিয়ে বল তার অফ-স্ট্যাম্প ভেঙে দেয়।
কিন্তু থেমে থাকেননি পন্টিং। ১৩৭ রানের ইনিংসকে টেনে নিয়ে গিয়ে থামেন ২০৯-এ, ৪৪৩ রানের মাথায়। মোহাম্মদ আমেরের বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন ওয়াইড মিড-অফে। বলটি লুফে নিতে কোনো অসুবিধা হয়নি মোহাম্মদ ইউসুফের। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরিটি সাজান তিনি ২৫টি চার দিয়ে।
পরে ব্র্যাড হ্যাডিন ছাড়া আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি। ৪৯৯ রানের মাথায় কানেরিয়ার বলে উমর গুলের হাতে ধরা পড়ার আগে ৪১ রান করেন তিনি। চার মারেন পাঁচটি ও ছক্কা একটি। ৫১৯ রানে মিচেল জনসন (৮) আউট হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেন পন্টিং।
পাকিস্তানের বোলারদের মধ্যে কানেরিয়া ৩ উইকেট নেন ১৮৯ রান দিয়ে। এছাড়া দু'টি করে উইকেট নেন মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমের।
তিন টেস্টের সিরিজ অস্ট্রেলিয়া ২-০ ম্যাচে জিতে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৫১ ঘ.
bdnews24