হোবার্ট, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমালোচনার জবাব মুখে নয়, ব্যাট দিয়ে দিচ্ছেন রিকি পন্টিং। তার ও মাইকেল ক্লার্কের অপরাজিত সেঞ্চুরির সুবাদে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনটি নিজের করে নিয়েছে অস্ট্রেলিয়া। রান তুলেছে ৩০২, উইকেট হারিয়েছে মাত্র তিনটি।
হোবার্টে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ২৮ রানের মাথায় মোহাম্মদ আসিফের বল ঠিকমতো খেলতে না পেরে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ। দলের রানের সঙ্গে মাত্র ২৪ যোগ হওয়ার পর বিদায় নেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন। উমর গুলের অফ-স্ট্যাম্পের বাইরের বল তাড়া করে খেলতে গিয়ে পয়েন্টে ইমরান ফারহাতের হাতে সহজ ক্যাচ দেন তিনি (২৯)। বলটি ধরার জন্য ফারহাতকে জায়গা থেকে মোটেও নড়তে হয়নি। দলীয় ৭১ রানের মাথায় মোহাম্মদ আমেরের বল মাইক হাসির (৬) ব্যাট ছুঁয়ে নতুন উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে জমা পড়লে বিপদে পড়ে অস্ট্রেলিয়া।
দিনের এই টুকু সময়ই কেবল ছিল পাকিস্তানের। অধিনায়ক রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক দলের রানের সঙ্গে ২৩১ যোগ করলে শুধু খেলায় ফিরেই আসেনি অস্ট্রেলিয়া, দিনটিকেও নিজের করে নেয়।
দলকে বিপদ থেকে টেনে তুলতে গিয়ে পন্টিং ও ক্লার্ক, দু'জনেই সেঞ্চুরি করেন। ক্যারিয়ারের ৩৯তম এই সেঞ্চুরি করে পন্টিং সমালোচকদের জবাব দিলেন যে তিনি এখনো ফুরিয়ে যাননি। অনেকেরই মতে অধিনায়কের দায়িত্ব থেকে পন্টিংয়ের এখন সরে যাওয়ার সময় এসেছে। সাবেক ক্রিকেটার নিল হার্ভেসহ অনেকেই আবার এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, তার এখনই ক্রিকেটকে বিদায় জানানো উচিত। সেঞ্চুরির দিক দিয়ে পন্টিংয়ের সামনে আছে কেবল ভারতের শচীন টেন্ডুলকার। তিনি করেছেন ৪৩টি সেঞ্চুরি।
পন্টিংয়ের হার না মানা ১৩৭ রানের ইনিংসে চার রয়েছে ১৭টি। আর ক্লার্কের অপরাজিত ১১১ রানের ইনিংসে ১১টি চার রয়েছে।
বাজেভাবে দিন শুরু করলেও অস্ট্রেলিয়ার শেষটা হয়েছে চমৎকার। দলের রান তিন শ'র কোঠা ছাড়িয়ে যাওয়ায় এখন বড় স্কোরেরই ইঙ্গিত মিলছে।
প্রথম দু'টি টেস্ট জিতে এরই মধ্যে অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজ নিজের করে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০৮ ঘ.
bdnews24