জোহানেসবার্গ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেল স্টেইন ও মর্নে মরকেলের মারাত্মক বোলিংয়ের মুখে মাত্র ১৮০ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ডের ইনিংস। জবাবে কোন উইকেট না হারিয়ে দক্ষিণ আফ্রিকা করেছে ২৯।
উইকেটে আছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ ১২ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটসম্যান অ্যাশওয়েল পিন্স করেছেন ১৫।
এর আগে নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে ইংল্যান্ড। মাত্র ৩৯ রানের মাথায় ফিরে যান চার ব্যাটসম্যান। এর মধ্যে স্টেইন একটি উইকেট নিলেও অপর তিনটি নেন মরকেল। এরপর দলের হাল ধরেন পল কলিংউড ও ইয়ান বেল। তারা দলকে টেনে নিয়ে যান মধ্যাহ্ন বিরতি পর্যন্ত। তখন দলের রান ছিল এক শ'।
কিন্তু দ্বিতীয় সেশনে আরো ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছিল ইংল্যান্ডের জন্য। কলিংউড ৪৭ রান করে ১১৫ রানের মাথায় ফিরে যান। দলের রানের সঙ্গে ১৮ যোগ হওয়ার পর ১৩৩ রানের মাথায় স্টেইনের বলে সরাসরি বোল্ড হন বেল (৩৫)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ১৩৬ রানে ম্যাট প্রায়র (১৪), ১৪৮ রানে স্টুয়ার্ট ব্রড (১৩), ১৫৫ রানে সাইডবটম (০) ও ১৮০ রানের মাথায় শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন গ্রায়েম সোয়ান (২৭)। জেমস অ্যান্ডারসন অপরাজিত থাকেন ৬ রানে।
দক্ষিণ আফিকার বোলারদের মধ্যে স্টেইন ৫ উইকেট নেন ৫১ রানে। ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন মরকেল।
চার ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এগিয়ে আছে ১-০ তে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩৪৯ ঘ.
bdnews24