ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে বহুল আলোচিত জাতীয় ক্রিকেট লিগ।
বাংলাদেশ ক্রিকেট কল্যাণ সমিতি (কোয়াব)-এর আহবানে সাড়া দিয়ে ক্রিকেটাররা জাতীয় লিগ বর্জন করায় খেলা ১৩ দিন পিছিয়ে দিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তারপরও ক্রিকেটারদের কোনো সুযোগ সুবিধা বাড়ায়নি বিসিবি। বরং এক পর্যায়ে ধর্মঘট প্রত্যাহার করে জাতীয় লিগে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয় কোয়াব।
এবার বিভাগীয় ক্রিকেট কর্মকর্তাদের দিয়ে নতুন করে দল গড়া হয়েছে। যথারীতি চার দিনের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে জাতীয় লিগ। নতুন ফর্ম্যাটেই নিরপেক্ষ ভেন্যুতে হবে খেলা। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। এরপর ফাইনাল খেলবে পয়েন্টে এগিয়ে থাকা দুই দল।
উদ্বোধনী দিনে ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী খেলবে সিলেট বিভাগের বিপক্ষে। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনা বিভাগ মোকাবেলা করবে ঢাকা বিভাগীয় দলের। ওদিকে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে গতবারের রানর্সআপ বরিশাল খেলবে চট্টগ্রামের সঙ্গে। চারদিনের টুর্নামেন্ট শেষে শুরু হবে ওয়ানডে এবং টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৮৫৮ ঘ.
bdnews24