২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-শ্রীলঙ্কা ফাইনালে নতুন দুশ্চিন্তা তীব্র শীত

আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় ক্রিকেটাররা শিরোপার জন্য মুখিয়ে আছেন। শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতাই এখন তাদের একমাত্র লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 02:08 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় ক্রিকেটাররা শিরোপার জন্য মুখিয়ে আছেন। শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতাই এখন তাদের একমাত্র লক্ষ্য। মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বীরেন্দ্র শেবাগ বলেন, অলরাউন্ড ক্রিকেট খেলেই বুধবারের ফাইনালে শ্রীলঙ্কাকে হারাবে তার দল। আইডিয়া কাপ সিরিজে প্রথম দুই ম্যাচ খেলে বিশ্রামে যাওয়া শেবাগ এখন ফাইনালের অপেক্ষায়। ক্লান্তি ঝেড়ে ফেলে ফুরফুরে মেজাজে ভারতীয় এই ডানহাতি ওপেনার। বলছিলেন,'শ্রীলঙ্কার বিপক্ষে গত দুটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালেও সেরা ক্রিকেট খেলে জয়ের জন্যই লড়বো। আশা করি ম্যাচ আমাদের পক্ষেই থাকবে।' দেশের মাটিতে টেস্ট এবং ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে বছর শেষ করলেও নতুন বছরের শুরুতেই হোঁচট খায় ভারত। ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বলতে হয় পাত্তাই পায়নি ভারত। তবে ঘুরে দাঁড়াতেও বেশি সময় লাগেনি। লিগের ফিরতি ম্যাচে সাঙ্গাকারার দলকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করে ফেলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তের দ্বিতীয় সেরা ভারত। তাই বুধবারের ম্যাচ ধারাবাহিকতা ধরে রেখেই শেষ করতে চান শেবাগ,'বোলিংই হবে আমাদের প্রধান অস্ত্র। ভালো বল করে কাল (বুধবার) শ্রীলঙ্কাকে হারিয়ে দেব আমরা। সে যোগ্যতা আছে আমাদের।' ওদিকে, শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা সংবাদ সম্মেলনে একবারও বলেননি তার দল হারাবেই ভারতকে। শুধু বলেছেন,'দলের প্রয়োজনে আমরা খেলি। একে অন্যকে উদ্বুদ্ধ করি জয়ের জন্য খেলতে। প্রতিপক্ষকে চাপে রাখার জন্য এটাই আমাদের অস্ত্র। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট উপহার দেয়া।' টুর্নামেন্টের লিগ পর্বে চার ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে শ্রীলঙ্কা। মজার ব্যাপার, এখনো টস হারেননি কুমার সাঙ্গাকারা। ফাইনালেও টস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করেন তিনি,'টস হেরে পরে ফিল্ডিং পেলে শিশির সমস্যা করবে, তারপরেও আমরা প্রস্তুত আছি। আগে ব্যাটিংয়ে নেমে ২৭০ বা ২৮০ রান করে লাইন-লেন্থ ঠিক রেখে বল করতে পারলেই ম্যাচ জেতা সম্ভব হবে।' টস এবং শিশির যে ম্যাচের ভাগ্য নির্ধারন করবে তা প্রথম পর্বেই ভালো করে বুঝেছে ভারত এবং শ্রীলঙ্কা। তার ওপর শীতের তীব্রতা বেড়ে যাওয়া নতুন দুশ্চিন্তা হয়ে উঠতে পারে দু'দলের কাছেই । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/১৯৪২ ঘ.