ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইডিয়া কাপ ত্রিদেশীয় সিরিজে কোনো ম্যাচ না জিতলেও দলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশেষ করে ব্যাটিং যথেষ্টই ভাল হয়েছে বলে মনে করেন তিনি। এখন বোলিং আর ফিল্ডিং গুছিয়ে নেয়া সম্ভব হলেই প্রতিষ্ঠিত দলগুলোর কাতারে জায়গা করে নিতে পারবে বলে তার ধারণা।
সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে সাকিব বলেন,'আমরা হয়তো খুব ভালো খেলিনি, তবে নিয়মিতই রান পেয়েছি। প্রতি ম্যাচেই আড়াই'শ রানের কোটা স্পর্শ করা সম্ভব হয়েছে। বোলিং ভালো হলে ম্যাচ আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারতো।'
সোমবার ম্যাচ পরবর্তি সংবাদ সম্মেলনে বোলিংয়ের ঘাটতি বোঝাতে গিয়ে বলেন, 'আমাদের পেস বোলিংয়ে অনেক উন্নতি করতে হবে। এই সিরিজে পেস বোলিংয়ে কেউ সুবিধা করতে পারেনি। স্পিনাররাও সেরাটা খেলতে পারেনি। আমার মনে হয় প্রত্যেকেরই উন্নতির জায়গাগুলোতে মনযোগ দিলে ভালো হবে।'
সিরিজের প্রথম তিন ম্যাচে স্বাগতিক বোলারদের খুঁজে পাওয়া না গেলেও সোমবার ভারতের বিপক্ষে যথেষ্টই ভালো করেছেন বোলাররা। নাঈম ইসলামের প্রশংসাও করেছেন অধিনায়ক। তবে রাজ্জাক যে ফর্মে নেই সেটাও বলতে ছাড়েননি বাঁ হাতি এই অলরাউন্ডার,'রাজ্জাক ভাই গত বছর অনেক ভালো বল করেছেন। আমার মনে হয় এই সিরিজে উনি আরো ভালো বল করতে পারতেন। উনি যত তাড়াতাড়ি ফর্মে ফিরতে পারবেন দলের জন্য ততই মঙ্গল হবে।'
এদিকে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে ভারতীয় ব্যাটসম্যান ভিরাট কোহলি শিশিরকেই সামনে নিয়ে এসেছেন। তার মতে, পরে ফিল্ডিং করাতে প্রতিটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। ভিরাট বলেন,'এই শিশির ভেজা মাঠে পরে বোলিং করা খুবই কঠিন। অনেক পরিশ্রম করেছেন স্বাগতিক বোলাররা। কিন্তু শিশিরের কাছে হেরে গেছেন তারা। আমার মনে হয়, অনেক ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ।'
টানা তিন ম্যাচে নিয়মিত রান করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ভিরাট কোহলি। লিগের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও তুলে নিয়েছেন। প্রয়োজনীয় মুহূর্তে দলকে গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিতে পেরে খুশি ভারতীয় এই তরুণ ব্যাটসম্যান,'দলের সবাই আমাকে ভালো করতে উদ্বুদ্ধ করেছেন। আমি চেষ্টা করেছি ভালো করতে। আশা করি ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে পারবো।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩০৭ ঘ.
bdnews24