ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রিদেশীয় সিরিজে গ্যালারির টিকেটের দাম কমিয়ে ৫০ টাকা করা হয়েছে-কয়েকটি সংবাদ পত্রে রোববার এ খবর ছাপা হওয়ার পর ভারত-শ্রীলঙ্কা এবং ভারত-বাংলাদেশ ম্যাচের টিকেট সংগ্রহ করতে সকালেই বেরিয়ে পড়েন ক্রিকেটামোদীরা। কিন্তু টিকেটের জন্য গ্রামীণফোন বিক্রয় কেন্দ্রে গিয়ে তারা দেখেন টিকেটের দাম কমানো হয়নি।
বিভ্রান্ত লোকজন প্রতিবাদ জানাতে সকালেই সমবেত হন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ের সামনে। ৫০ টাকার বিনিময়ে গ্যালারির টিকেট দাবি করতে থাকেন তারা। দর্শকদের চাপের মুখে বিপাকে পড়েন বিসিবির কর্মকর্তারা। খবরের সত্যতা যাচাইয়ের জন্য উঠে পড়ে লাগেন কয়েকজন বোর্ড পরিচালক।
পরে জানা যায় বিসিবি সভাপতি সংসদ সদস্য আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল)-এর বরাত দিয়ে ছাপা হয়েছে টিকেটের দাম কমানোর খবর। বিসিবি সভাপতিও সাংবাদিকদের কাছে স্বীকার করেন তিনিই এ কথা বলেছেন। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিনকে সভাপতি আরো বলেন, 'টিকেটের দাম ৫০ টাকা করলে সমস্যা কি? আমি বলেছি টিকেটের মূল্য ৫০ টাকা হয়েছে। এখন কমবে না কেন?'
আসলে টিকেটের দাম কমেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের। গ্যালারির টিকেটের মূল্য কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। স্পেশাল এনক্লোজার ১০০ টাকা, ক্লাব হাউজ ২০০ ও ভিআইপি পাঁচ শ' টাকা করা হয়। বিসিবি সভাপতিও টেস্ট ক্রিকেটের টিকেটের দাম কমানোর বিষয়টি অনুমোদন করেছিলেন। তবে কাগজে টেস্ট, না ত্রিদেশীয় সিরিজ লেখা হয়েছে তা পড়ে দেখেননি সভাপতি। তাই সাংবাদিকদের কাছে অবলিলায় বলে দিয়েছিলেন, ত্রিদেশীয় সিরিজের গ্যালারির টিকেটের দাম কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১১০ ঘ.
bdnews24