ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টস জিতেও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আগে ব্যাটিং নেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে সাকিব বলেছেন, আগে ব্যাট করা ঠিকই ছিল। নিজের দাবি যৌক্তিক প্রমাণ করতে বৃহস্পতিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব আরো বলেন, যোগ্য দল হিসেবেই জিতেছে ভারত।
অথচ টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার পরই শীতের শিশিরকে প্রতিপক্ষ বানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। সেদিন সংবাদ সম্মেলনে জোর গলায় বলেছিলেন 'ক্রিকেটের স্বার্থেই ম্যাচের সময় এগিয়ে আনা উচিৎ।' ম্যাচ রেফারি, আম্পায়ারকেও অভিযোগ জানাতে ছাড়েননি। সে ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারাও তাকে সমর্থন দিয়েছিলেন। পরের দিন শ্রীলঙ্কার কাছে হেরে একই অভিযোগ তুলেছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
সেই একই মাঠে দিন-রাতের ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নতুন কথা বললেন সাকিব,'উইকেট দেখার পরই আমরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই। আগে ব্যাট করে ভারতকে ৩২০ রানের লক্ষ্য দেয়ার ইচ্ছে ছিল। ২৯৭ স্কোরও খারাপ ছিল না। ভারত আমাদের চেয়ে এখনও ভালো দল। তারা আমাদের চেয়ে ২০/২৫ রান বেশি করবে এটাই স্বাভাবিক। তারা আমাদের চেয়ে ভালো খেলেই জিতেছে। আমারাও ভালো খেলেছি।'
তবে শিশির ভেজা মাঠে পরে বোলিংয়ের সিদ্ধান্ত যে যথার্থ ছিল না মাঠেই তার প্রমাণ দিয়েছে বাংলাদেশ। দেরিতে শিশির পড়তে শুরু হলেও আগের ম্যাচের মতো এ ম্যাচেও পাঁচবার বল পরিবর্তন করতে হয়েছে স্বাগতিক অধিনায়ককে। বল মোছার জন্য পকেট থেকে সারাক্ষণই রুমাল বের করতে হয়েছে বোলারদের। ভেজা চুপ-চুপে বল গ্রিপে নেয়া স্পিনারদের জন্য মোটেই সহজ ছিল না। এসব অসুবিধার কথা মেনে নিয়েই আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার বলেন,'শিশির সমস্যা করলেও বোলাররা আগের চেয়ে ভালো করেছেন। আমার মনে হয় না আমাদের সিদ্ধান্ত ভুল ছিল।'
বরং বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং প্রতিটি বিভাগে তারা ভালো করেছেন বলেই দাবি করলেন ২২ বছর বয়সী বাংলাদেশ অধিনায়ক।
বৃহস্পতিবার টস হেরেও আগে ফিল্ডিং পাওয়ায় যেন হাতে চাঁদ পেয়েছিলেন ধোনি। বললেন,'টস জিতেও সাকিব আগে ব্যাটিং নেয়ায় আমার কাছে অবাক লেগেছে। সবাই জানে, রাতের শিশির ভেজা মাঠে বোলিং, ফিল্ডিং করা কতটা কঠিন কাজ। তবে তারা যে লক্ষ্য দিয়েছিল সেটা ভালোই ছিলো। আমি আর ভিরাট কোহলী রান করায় জয় পাওয়া সহজ হয়েছে।'
টানা দুই ম্যাচ হেরে পয়েন্টশূন্য থেকেই শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে আছে শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/০০১২ ঘ.
bdnews24