সিডনী, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডনী টেস্টে তীরে এসে তরী ডুবিয়েছে সফরকারি পাকিস্তান। ৩৬ রানের চরম নাটকীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন সকাল পর্যন্ত টেস্টের লাগাম ছিল সফরকারিদের হাতে। কিন্তু হরিজ ও জনসন তান্ডবে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩৯ রানে। এর আগে মাইকেল হাসির ১১তম টেস্ট সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়া ৩৮১ রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে। ফলে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ১৭৫ রানের। পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে যে আগাম কিছু বলা সম্ভব নয় সেটারই আরেকবার প্রমান তারা দিলেন সিডনী টেস্টে। এ টেস্টে জয়ের সুবাদে ৩ টেস্টের সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
৮ উইকেটে ২৮৬ রানে তৃতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়াকে শেষ পর্যন্ত ৩৮১ রানের স্কোরে পৌঁছে দেন মাইকেল হাসি ও পিটার সিডল। নবম উইকেট জুটিতে ১২৩ রানের বিশাল জুটি গড়ে স্বাগতিকদের লড়ার সামান্য পুঁজি এনে দেন এ দুই ব্যাটসম্যান। আগের দিন ৭৩ রানে থেকে থাকা মাইকেল হাসি শেষ পর্যন্ত ১৩৪ রানে অপরাজিত থেকে হারের শঙ্কা থেকে দলকে উদ্ধার করেন। সঙ্গী সিডলের ব্যাট থেকে দৃঢ়তার পরিচয় রাখা ৩৮ রানের ইনিংস। ১৭৫ রানের সামান্য পুুঁজিকেই পরে জয়ের জন্য যথেস্ট প্রমাণ করেন হরিজ, জনসন, বোলিঙ্গাররা।
হরিজ মাত্র ৫৩ রানে ৫ উইকেট তুলে একাই সফরকারিদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। জনসন ২৭ রানে ৩ ও বোলিঙ্গার ৩২ রানে দুই উইকেট নিয়ে পাকিস্তানের কফিনে শেষ পেরেক ঢুকে দেন।
প্রথম ইনিংসে ২০০ রানের ওপরে পিছিয়ে থেকেও ম্যাচে জয় টেস্ট ইতিহাসে বিরল। অস্ট্রেলিয়া সিডনী টেস্টে জিতে এক্ষেত্রে ষষ্ঠ নজির স্থাপন করার কৃতিত্ব দেখালো। ম্যাচে সফরকারি বোলাদের মধ্যে আসিফ ৮ , কানেরিয়া ৫ ও গুল ৪ উইকেট নিয়ে স্বাগতিক ব্যাটিং লাইনআপ তছনছ করে দেন। বোলাররা জয়ের প্রবল সম্ভাবনা জাগালে ব্যাটসম্যানদের ব্যর্থতায় সাফল্য ঘরে তুলতে ব্যর্থ হয় পাকিস্তান। সঙ্গে সিরিজে সমতায় ফেরানোর আশাও শেষ হয়ে যায় মোহাম্মদ ইউসুফের দলের।
অসাধারণ ব্যাটিংয়ের জন্য অস্ট্রেলিয়ার মাইকেল হাসি ম্যাচ সেরার পুরস্কারে ভূষিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/১৭২০ ঘ.
bdnews24