২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথের শতকও ঘোচাতে পারলো না দঃ আফ্রিকার চোকারের দুর্নাম

চোকারের দুর্নাম ঘোচাতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু পারলো না। অধিনায়ক গ্রায়েম স্মিথের ক্যারিয়ার সেরা ১৪১ রানের পরও নয়। ইংল্যান্ডের কাছে ২২ রানে হার মেনে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হয়েছে আইসিসি র‌্যাংকিং-এর শীর্ষ দলকে। এখন নিজের দেশেই স্মিথের দলকে থাকতে হচ্ছে দর্শকের ভূমিকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 01:10 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

সেঞ্চুরিয়ন, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোকারের দুর্নাম ঘোচাতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু পারলো না। অধিনায়ক গ্রায়েম স্মিথের ক্যারিয়ার সেরা ১৪১ রানের পরও নয়। ইংল্যান্ডের কাছে ২২ রানে হার মেনে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হয়েছে আইসিসি র‌্যাংকিং-এর শীর্ষ দলকে। এখন নিজের দেশেই স্মিথের দলকে থাকতে হচ্ছে দর্শকের ভূমিকায়। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে বি গ্র"পের ম্যাচে রোববার টস জিতে ব্যাটিং-এ নেমে দেখেশুনে খেলতে থাকেন ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও জোয়ে ডেনলি। দলীয় ৪৮ রানে ডেনলি (২১) ও ৫৯ রানে স্ট্রাউসের (২৫) বিদায়ের পর ঝড় তোলেন ওয়াইজ শাহ, পল কলিংউড ও ইয়ন মর্গান। আর সেই ঝড়ে স্রেফ উড়ে যান দক্ষিণ আফ্রিকার বোলাররা। ওয়াইজ শাহ মাত্র দুই রানের জন্য শতক পাননি। জোহান বোথার বলে উইকেটের পেছনে মার্ক বাউচারের হাত ধরা পড়ার আগে রান করেন ৯৮। তিনি তার ইনিংসটি সাজান ৫টি চার ও ৬টি ছক্কা দিয়ে। পল কলিংউড ৯৪ বলে করেন ৮২। দড়ির ওপারে বল পাঠান সাতবার। এর মধ্যে ছক্কা রয়েছে একটি। মর্গান করেন ৩৪ বলে ৬৭। চারটি চার ও পাঁচটি ছক্কা মারেন তিনি। বিশেষ করে, শাহ ও কলিংউড দক্ষিণ আফিকার বোলারদের মাটিতে নামিয়ে আনেন। শাহ যখন চার ও ছক্কা মারছিলেন, ঠিক তখন ফাঁকা জায়গায় বল ঠেলে দিয়ে রান নিচ্ছিলেন কলিংউড। শেষ পর্যন্ত তৃতীয় উইকেট জুটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ১৬২ বলে ১৬৩ রান করেন। মূলত এই তিনজনের ব্যাটিং-এর ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড তাদের সর্বোচ্চ আট উইকেটে ৩২৩ রান সংগ্রহ করে। জবাবে অধিনায়ক গ্রায়েম স্মিথের ১৪১ রান সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায় ৩০১ রানে। ফলে ২২ রানে হার মেনে মাঠ ছাড়তে হয় প্রোটিয়াসদের। স্মিথের দুর্দান্ত ইনিংসের পরও দক্ষিণ আফ্রিকা উল্লেখ করার মতো কোন পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি। যদিও এবি ডি ভিলিয়ার্স (৩৬) ও হার্শেল গিবস (২২) শুভ সূচনা করেছিলেন। কিন্তু পরিস্থিতিকে কাজে লাগাতে পারেননি অন্য ব্যাটসম্যানরা। শেষ দশ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৯৪ রান। হাতে উইকেট ছিল ছয়টি। বিগ হিটার অ্যালবি মরকেল ১৪ বলে একটি ছয় ও একটি চার মেরে ১৭ রান করে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন। সেই সঙ্গে নিভে যায় দক্ষিণ আফ্রিকার জয়ের আশা। শেষের দিকে অ্যান্ড্রু স্ট্রাউস বল তুলে দেন অফ-স্পিনার গ্রায়েম সোয়ানের হাতে। এর ফলও পান তিনি হাতে-নাতে। তিন ওভার বল করে সোয়ান মাত্র দশ রান দেয়ার পাশাপাশি সরাসরি বোল্ড করেন জেপি ডুমিনিকে। তখন তার ব্যক্তিগত রান ছিল ২৪। ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার ছিলেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। দশ ওভার বল করে ৪২ রানে তিন উইকেট নেন অ্যান্ডারসন। ব্রড দশ ওভারে তিন উইকেট নিলেও রান খরচ করেন অ্যান্ডারসনের চেয়ে অনেক বেশি, ৬৭। এই জয়ের ফলে ইংল্যান্ড পৌঁছে গেলো সেমিফাইনালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৩৭ ঘ.