জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার ফিল্ডিংকেই সবচেয়ে ভালো বলে মানেন সবাই। অথচ নিউ ওয়ান্ডারার্সে নিউজিল্যান্ডের সঙ্গে হারের জন্য সেই ফিল্ডিংকেই দুষছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তার মতে, খুবই খারাপ ফিল্ডিং করেছেন ক্রিকেটাররা। আর নিউজিল্যান্ডের সঙ্গে পার্থক্য গড়ে উঠেছে ঠিক এখানেই।
"আন্তর্জাতিক মানের তো নয়ই, কখনো কখনো সাংঘাতিক রকমের খারাপ ফিল্ডিং করেছি। তাই ফিল্ডিং নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে," এখানেই থেমে থাকেন না, বলেই চলেন সাঙ্গাকারা, "প্রত্যেক ক্রিকেটারকে দায়িত্ব নিতে হবে। নিউজিল্যান্ডের সঙ্গে পার্থক্য আমাদের ফিল্ডিংয়েই।"
নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। পেস বোলিং, যা কিনা দেশের মাটিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল তুরুপের তাস। কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে মানিয়ে নিতে পারছেন না নুয়ান কুলাসেকারা ও থিলান থুশারা। দেশের মাটিতে দু'জনের বোলিং-এর সেই ভয়ঙ্কর বিষ, নির্বিষ হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকায়।
এজন্য কুমার সাঙ্গাকারা অবশ্য দায়ী করছেন লেঙথকে। তার মতে, দেশের পিচে যে লেঙথে বল করা হয় দক্ষিণ আফ্রিকায় তা কাজে আসছে না। তাই সঠিক লেঙথ খুঁজে নিতে হবে। মানিয়ে নিতে হবে পরিস্থিতির সঙ্গে।
জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্র"পের ম্যাচে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের কাছে ৩৮ রানে হার মানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৩৮ ঘ.
bdnews24