জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের তুলনায় অনেক শক্তিশালী দল অস্ট্রেলিয়া। তারওপর মূল দলের ক্রিকেটাররা নেই। বাংলাদেশের কাছে যে দলটি টেস্ট ও একদিনের ক্রিকেটে হোয়াইটওয়াশ হয়েছিল মূলত সেই দলটিই খেলছে। তারপরও সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ার নামজাদা ব্যাটসম্যানরা। বরং লেজের দাপটে, বিশেষ করে মিচেল জনসনের ৭৩ রানে লড়াইয়ের মতো পুঁজি পায় তারা। আট উইকেটে রান তোলে ২৭৫। জেতার জন্য ২৭৬ রান তাড়া করতে নেমে আন্ড্রেু ফ্লেচার ও ট্রাভিস ডাওলিনের অর্ধ শতকে ৪০ ওভার শেষে লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে রান তুলেছে ১৯২।
নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্র"পের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের হাল ধরেন ফ্লেচার ও ডাওলিন। ডেভন স্মিথ দলীয় ৩৮ রানের মাথায় ব্যক্তিগত ১৭ রানে পিটার সিডলের বলে উইকেটের পেছনে টিম পেইনের হাতে ধরা পড়লেও ৮৬ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন অনেকখানি।
৭৭ বলে ৫৪ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন ফ্লেচার। তখন দলের রান ছিল ১২৪। ডাওলিন ব্যক্তিগত ৫৫ রানে ব্রেট লির বলে উইকেটের পেছনে ধরা পড়েন দলীয় ১৭০ রানের মাথায়। ৮৭ বল খেলে দড়ির ওপারে বল পাঠান পাঁচবার।
এর আগে অধিনায়ক ফ্লয়েড রেইফার টস জিতে ব্যাটিং-এ পাঠান অস্ট্রেলিয়াকে। কিন্তু ক্যারিবীয়দের নিয়ন্ত্রিত বোলিং-এর মুখে মোটেও সুবিধা করতে পারেননি অসি ব্যাটসম্যানরা।
স্কোর বোর্ডে কোন রান যুক্ত হওয়ার আগেই বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন। কিন্তু অধিনায়ক রিকি পন্টিং ও উইকেটকিপার টিম পেইন ৮৫ রানের জুটি বেঁধে প্রাথমিক বিপর্যয়ের কবল থেকে দলকে রক্ষা করলেও মিডল-অর্ডার ব্যাটসম্যানদের কেউ সুবিধা করতে পারেননি। একমাত্র ক্যালাম ফার্গুসন ছাড়া। ৩০ বলে ২০ রান করে কেমার রোচের বলে সরাসরি বোল্ড হন তিনি। তখন দলের রান ছিল ১৬৪।
এর আগে রিকি পন্টিং ইনিংসকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পারেননি। ৯৪ বলে ৭৯ রান করে নিকিতা মিলারের বলে দলীয় ১৪৮ রানের মাথায় উইকেটকিপার চ্যাডউইক ওয়াল্টারের হাত পড়ে বিদায় নেন। তিনি তার ইনিংসটি সাজান ৯টি চার ও একটি ছক্কা দিয়ে। এছাড়া ৫৯ বলে ৩৩ রান করেন টিম পেইন।
১৭১ রানে সাত উইকেট হারানোর পর মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যাবে খুব বেশি হলে ২২০ থেকে ২৩০ রানের মধ্যে। কিন্তু তা ভুল প্রমাণিত করলেন দুই বোলার মিচেল জনসন ও ব্রেট লি। তাদের মারমুখী ৭০ রানের জুটিতে অস্ট্রেলিয়ার রান ছাড়িয়ে যায় আড়াই শ'র কোঠা। থামে আট উইকেটে ২৭৫ রানে।
মাত্র ৪৭ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন মিচেল জনসন। লি করেন ২৮ বলে ২৫।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে খেমার রোচ, নিকিতা মিলার ও ডেভিড বার্নার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২১৫ ঘ.
bdnews24