২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজকে হারিয়ে কিছুটা বেকায়দায় ভারত

দুদিন আগেও ভারতের জন্য হিসেবটা ছিল অন্যরকম। কিন্তু বুধবারের একটা খবর অনেকটাই বদলে দিয়েছে পরিস্থিতি। ডান হাতে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলতে পারছেন না যুবরাজ সিং। তাই নতুন করে রণকৌশল ঠিক করতে হচ্ছে ভারতকে। শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে। কী অসময়েই না চোটসমস্যায় পড়লেন যুবরাজ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুদিন আগেও ভারতের জন্য হিসেবটা ছিল অন্যরকম। কিন্তু বুধবারের একটা খবর অনেকটাই বদলে দিয়েছে পরিস্থিতি। ডান হাতে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলতে পারছেন না যুবরাজ সিং। তাই নতুন করে রণকৌশল ঠিক করতে হচ্ছে ভারতকে। শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে। কী অসময়েই না চোটসমস্যায় পড়লেন যুবরাজ! ওয়ানডেতে গত এক বছরের ধারাবাহিক সাফল্য দুদিন আগেও পাকিস্তানের বিপক্ষে ভারতকে রেখেছিল ফেবারিটের অবস্থানে। অথচ সে অবস্থান এখন নড়বড়ে। বদলি হিসেবে যদিও দেশ থেকে নিয়ে আসা হচ্ছে বিরাট কোহলিকে, তবু যুবরাজের মতো অপরিহার্য অলরাউন্ডারকে তো মিস করবেই মহেন্দ্র সিং ধোনির দল! সেদিক থেকে পাকিস্তান এখন অনেকটাই নিশ্চিন্ত। অধিনায়ক ইউনিস খান চোট পাওয়ায় প্রথম ম্যাচ মিস করলে কি হবে, তাঁর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ঠিকই বড় ম্যাচের প্রস্তুতি সেরে রেখেছে তারা। ইউইনিসও সেরে উঠে এক সাক্ষাৎকারে জোর গলায় বলেছেন, "কঠিন গ্র"পে পড়লেই দুশ্চিন্তা করতে হবে কেন, আমরা ভারত বা অস্ট্রেলিয়াকে হারাবোই।" সেক্ষেত্রে প্রথমে ভারতকেই সামনে পাচ্ছে ইউনিসের নেতৃত্বেই টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে চোট সমস্যা অবশ্য নতুন কিছু নয়। বুধবার ফিল্ডিং অনুশীলনের আঙ্গুলে ব্যথা পান যুবরাজ, ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে বড় ধরণের চিড়ই ধরেছে সেখানে। তাই অন্তত ৬ সপ্তাহ ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে তাকে। এর আগে চোট-সমস্যার কারণেই বাদ দিতে হয় বীরেন্দর শেবাগকে। গৌতম গম্ভীর দলে থাকলেও লড়ছেন কুঁচকির সমস্যার সঙ্গে। যুবরাজ সিংকে হারানোয় অবশ্য গম্ভীরের গুরুত্ব এবং দায়িত্ব আরো বেড়েছে। এই টুর্নামেন্টের জন্য সহ-অধিনায়কের দায়িত্বটা তাকেই দিয়েছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এ মুহুর্তের দ্বিতীয় সেরা দল ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২০০৬ ঘ.