সেঞ্চুরিয়ন, সেপ্টেম্বর ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫৫ রানে হেরেছিল তারা। তবে বৃহস্পতিবার প্রথম জয়ের আশা জাগিয়েছে স্বাগতিকরা। ওয়েন পারনেল ৫৭ রানে ৫ উইকেট নেয়ায় ২১৪ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানে রাইডারকে (৮) হারায় নিউজিল্যান্ড। পারনেলের প্রথম শিকার হয়ে রাইডারের ফেরার পর শুধু আরেক ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম (৪৪), রস টেলর (৭২) আর এলিয়টই (৩৯) পেরেছেন কিছুটা প্রতিরোধ গড়তে। সে কারণেই ৪৭ দশমিক ৫ ওভারে ২১৪ রান করতে পেরেছে ড্যানিয়েল ভেট্টোরির দল। স্বাগতিকদের আপাত দৃষ্টিতে সহজ এক জয়ের লক্ষ্য এনে দিতে স্টেইন আর ভ্যানডার মারউই-ও নিয়েছেন দুটি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯০০ ঘ.
bdnews24