২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি সভাপতির দায়িত্ব নিলেন মোস্তফা কামাল

নতুন সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে আগে থেকেই অপেক্ষায় ছিলেন বিদায়ী সভাপতি লে: জেনারেল সিনা ইবনে জামালী। দুপুর একটার পর সাংসদ আ হ ম মোস্তাফা কামাল (লোটাস কামাল) সেখানে পৌঁছানোর পরই উষ্ণ অভিবাদন আর ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে আগে থেকেই অপেক্ষায় ছিলেন বিদায়ী সভাপতি লে: জেনারেল সিনা ইবনে জামালী। দুপুর একটার পর সাংসদ আ হ ম মোস্তাফা কামাল (লোটাস কামাল) সেখানে পৌঁছানোর পরই উষ্ণ অভিবাদন আর ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব হস্তান্তরের পর সাবেক এবং বর্তমান সভাপতি এক সঙ্গে সংবাদ সম্মেলনে যোগ দেন। আনুষ্ঠানিক বিদায় আর নতুন সভাপতিকে বরণ আগে কখনোই দেখেননি ক্রিকেট কর্মকর্তারা। তাই ভবিষ্যতের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়েই থাকবে ছোট্ট এই ঘটনাটি। সুতরাং সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বুধবার দায়িত্ব পেলেও বিসিবির সভাপতি হিসেবে মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করলেন বৃহস্পতিবার থেকে। দায়িত্ব বুঝে নিয়েই মিলে-মিশে কাজ করার ঘোষণা দেন তিনি। সহকর্মীদের প্রতি দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ায় ভূমিকা রাখার আহ্বান জানান। সংবাদ তিনি সম্মেলনে বলেন,"সামনে বিশ্বকাপ, কাজের অনেক সুযোগ আছে। আমাদের ব্যর্থতা মানেই দেশের ক্রিকেট ব্যর্থ। ১৫ কোটি মানুষের প্রত্যাশা পূরণে সবাই মিলে কাজ করতে হবে। বোর্ডের সঙ্গে যারা আগে থেকেই আছেন তাদের সহযোগিতা চাই। এখানে কেউই রাজনৈতিক দল বা ক্লাবের নন। সবাই বিসিবির কর্মকর্তা।" বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচিত হলেও সভাপতির পদটি মনোনিত। সরকারের পছন্দের ক্রীড়া সংগঠকরাই সাধারণত এ পদে আসছেন। ভবিষ্যতে সভাপতির পদে নির্বাচনের বিষয়টি সামনে আসায় কুটনৈতিক উত্তর দেন মোস্তফা কামাল। বলেন,"আমি তো নির্বাচিতই। জনগণের ভোটে নির্বাচিত সাংসদ। জনগণের হয়েই কাজ করছি। নির্বাচিত না অনির্বাচিত সভাপতি সেটা মূখ্য নয়। আমি কাজ করতে চাই।" বিদায়ী সভাপতির অভিজ্ঞতাও কাজে লাগাতে চেয়েছেন বর্তমান সভাপতি। জবাবে সিনা ইবনে জামালীও ক্রিকেটের সঙ্গে থাকার প্রতিশ্র"তি দিয়েছেন নতুন সভাপতিকে, "আমরা সবাই মিলে ক্রিকেটের জন্য কাজ করব। নতুন সভাপতি অবশ্যই তার বিচক্ষণতা দিয়ে আমার অসম্পূর্ণ কাজ শেষ করবেন, আরো অনেক দূর এগিয়ে নেবেন বিসিবির কার্যক্রম।" ২০০৭ সালের ২৯ জুলাই বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পান লে: জেনারেল সিনা ইবনে জামালী। দু বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেন। তার সময়েই নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠিত হয়। বিদায় বেলায় তিনি বলেন,"আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যে আমি আনন্দ পেয়েছি। কিন্তু এই সাফল্যের পুরো কৃতিত্ব ক্রিকেটার ও বিসিবির পরিচালকদের। সবই তাদের পরিশ্রমের ফসল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ১৮৩৫ ঘ.