ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেকেই ভাবতে পারেন ক্রিকেটার ও বোর্ডের সঙ্গে বিরোধ বেঁধেছে পাকিস্তান ম্যানেজার ইয়াওয়ার সাঈদের। কিন্ত মোটেও তা নয়। বরং পরিবারের প্রতি আরও বেশি সময় দেওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য দেখা-শোনার জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই পদত্যাগ করবেন তিনি।
সাঈদ আসলে গত মাসে শ্রীলঙ্কা সফরের পরপর পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটের অনুরোধে। কমপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে বলেছিলেন তিনি।
সাঈদের নিজের ভাষায়, "শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেই আমি পদত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু ইজাজ বাট চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে বলেন।"
চ্যাম্পিয়ন্স ট্রফিকে বড় একটা টুর্নামেন্ট মনে করছেন সাঈদ। বলছেন, "ম্যানেজারের অনেক কাজ রয়েছে সেখানে। বিশেষ করে, প্রচার মাধ্যমকে সামলানো। তাই বাটের অনুরোধ ফেলতে পারিনি।"
তালাত আলীর সরে দাঁড়ানোর পর গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবাইয়ে একদিনের সিরিজের আগে সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার ইয়াওয়ার সাঈদ ম্যানেজারের দায়িত্ব নেন।
ক্রিকেটার ও বোর্ডের সঙ্গে তার কোন বিরোধ নেই বলে তিনি জানান। বলেন, ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেটের জন্য তিনি কাজ করতে চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০০০ ঘ.
bdnews24