ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গা-গরমের ম্যাচে স্ট্রেইট ড্রাইভ করেছিলেন গ্রায়েম স্মিথ। ঠিক উল্টো দিকের স্ট্যাম্প বরারবর। বোলারের ফলো-থ্রোর সঙ্গে তাল মিলিয়ে খানিকটা এগিয়ে গিয়েছিলেন নন-স্ট্রাইকার হার্শেল গিবস। বলের গতিপথ দেখে ঝাঁপিয়ে পড়েছিলেন পপিং ক্রিজে ফিরে আসার জন্য। বেঁচে গেলেও মাঠ ছাড়তে হয়েছিল আহত হয়ে। সেই চোট সারেনি, সম্ভাবনা নেই ২২ তারিখের আগেই। তাই শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারছেন না তিনি। যদিও পরের ম্যাচগুলো খেলার সম্ভাবনা আছে।
ইনফর্ম ব্যাটসম্যান গিবস শুক্রবারের ওই ম্যাচে করেছিলেন ৪০ বলে ৩৮ রান।
দলের ফিজিওথেরাপিস্ট ব্র্যান্ডন জ্যাকসন গিবসের চোট পাওয়ার কথা স্বীকার করেছেন, "পাঁজরে সামান্য চোট পেয়েছেন গিবস।" সেই সঙ্গে তিনি একথাও বলেন যে তার মঙ্গলবারের ম্যাচের পর তার অবস্থা আবারও পরীক্ষা করে দেখা হবে, বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে কিংবা ইংল্যান্ডের বিপক্ষে আগামী রোববারের ম্যাচে মাঠে নামানো যায় কি না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৫০ ঘ.
bdnews24