চেন্নাই, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী নভেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেটে কুড়ি বছর পূর্ণ হতে যাচ্ছে শচীন টেন্ডুলকারের। ক্যারিয়ারের এমন মাহেন্দ্রক্ষণে টেন্ডুলকার তাই চাইছেন ভারতকে একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ের শীর্ষে দেখতে।
১৯৮৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক টেন্ডুলকারের। বয়স তখন মাত্র ১৬। তারপর থেকে যা ঘটেছে তা তো এক কথায় ইতিহাস। এখন তো রেকর্ডে রেকর্ডে ঝলমলে ক্যারিয়ার তার। কী একদিনের ক্রিকেট, কী টেস্ট ক্রিকেট দু জায়গাতেই এক অবস্থা। দু জায়গাতেই সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরিসহ বেশ কিছু রেকর্ডের মালিক এখন শচীন রমেশ টেন্ডুলকার।
আগামী সপ্তাহ থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের এ টুর্নামেন্টে ভারত খেলতে নামবে র্যাঙ্কিংয়ের তিন নম্বর দল হিসাবে।
গত এক বছরে একটাও একদিনের সিরিজ না হারা ভারত মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে র্যাঙ্কিংয়ের শীর্ষদল অস্ট্রেলিয়া এবং ২ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে।
তবে টুর্নামেন্ট শুরুর আগে টেন্ডুলকার যে ঘোষণা দিয়েছেন তাতে ধরেই নেয়া যায় এ আসর শেষে আবার পরিবর্তন আসতে চলেছে র্যাঙ্কিংয়ে। ৩৬ বছর বয়সী টেন্ডুলকার শুক্রবার সিএনএন-আইবিএনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন তার দল এ মুহুর্তে র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা হওয়ার জন পুরোপুরি প্রস্তুত,"আমাদের অবশ্যই সামর্থ্য, উদ্যম, ইচ্ছা এবং ক্ষুধা আছে এক নম্বর হওয়ার।"
বয়স ৩৬ আর আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর পার করে দিলে কী হবে টেন্ডুলকারের কাছে এখনও দেশের হয়ে খেলাটাই সবচেয়ে বড় সুখ, সবচেয়ে বড় সম্মান, "ভারতের হয়ে ক্রিকেট খেলাটাই আমার জন্য সব কিছু। দেশের হয়ে খেলব- এই স্বপ্ন নিয়েই তো বেড়ে উঠেছি। আমি স্বপ্ন নিয়েই বেঁচে আছি।"
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে ভারত সবচেয়ে বড় সাফল্যটি পেয়েছিল ২০০২ সালে। সেবার বৃষ্টির জন্য শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে জিতেছিল শিরোপা।
তবে এবার টেন্ডুলকার চ্যাম্পিয়ন্স ট্রফিকে দেখছেন ভারতের শীর্ষে ওঠার সিড়ি হিসেবে," আমরা ওখানে যাব শীর্ষে পৌঁছানোর জন্যই। আমাদের এখন শুধু মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে।"
"আমরা এই লক্ষ্যকে সামনে রেখেই খেটে যাচ্ছি। গত কয়েক বছরে আমাদের পারফরম্যান্স কিন্তু অসাধারণ।"
গাক্ষাৎকারের শেষে শচীন টেন্ডুলকার অবশ্য একটা কথা বলতে ভোলেননি আর তা হলো অতীত পারফর্ম্যান্স যা-ই হোক, সময়মতো পারফর্ম করাই আসল কথা। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যালেঞ্জটার কথ্ওা স্মরণ করিয়ে দিতে ভোলেননি সতীর্থদের, " আমরা এও জানি অভিযানটি খুব একটা মসৃণ হবে না। "
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/ ১৯০৯ ঘ.
bdnews24