ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুঁচকিতে চোট পাওয়ায় শ্রীলঙ্কায় কমপ্যাক কাপ খেলতে পারেননি উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফিরেছেন। এতে স্বস্তি বোধ করছে ভারতীয় শিবির।
গম্ভিরের দলে ফেরাকে স্বাগত জানিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। বলেন, তার ফেরায় রীতিমতো স্বস্তি এসেছে দলে। তিনি শুধু চমৎকার ভিত্তিই রচনা করেন না, টিকে থাকতে পারেন ইনিংসের একেবারে শেষ পর্যন্ত।
শর্ট পিচ বোলিং নিয়ে এবার আর চিন্তিত নন ধোনি। যদিও ইংল্যান্ডে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে শর্ট পিচ বোলিং-এ ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছিল। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে বিষয়টিকে স্রেফ উড়িয়ে দেন তিনি। ব্যাখ্যা করেন এর কারণও, "টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনটা ঘটেছিল। কেননা বোলারদের মারতে গিয়ে শর্ট পিচ বলের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো সময় পাননি ব্যাটসম্যানরা।" থেমে থাকেন না ধোনি, বলেই চলেন, "কিন্তু ৫০ ওভারের ম্যাচে ব্যাটসম্যানরা মানিয়ে নেওয়ার মতো সময় পাবেন। বেছে নিতে পারবেন মারার বলটিও।"
ধোনির মতে এর অবশ্য আরেকটি কারণও আছে - টপ-অর্ডারে রাহুল দ্রাবিড়ের উপস্থিতি। "ওয়ান-ডাউনে রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেটার দলের জন্য নিঃসন্দেহে সম্পদ," বলেন ধোনি।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার পিচে ফাস্ট বোলাররাই সুবিধা পেয়ে থাকেন। আর এই ধরনের পিচের জন্য দ্রাবিড় রীতিমতো লাগসই ব্যাটসম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৪৮ ঘ.
bdnews24