ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের মুম্বাইয়ে ১৪ জুলাই বেশ ঘটা করে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের লোগো উন্মোচন করা হয়। স্বাগতিক হিসেবে বাংলাদেশের কর্মকর্তাদের এখনো তেমন কিছু করে দেখানোর সুযোগ হয়নি। শিগগির হচ্ছেও না। তবে আগামী বছর ৯ জানুয়ারি বিশ্বকাপ ক্রিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।
অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ করতে বাংলাদেশের কর্মকর্তাদের আরো উপলক্ষ্য এনে দিচ্ছে বিশ্বকাপ কেন্দ্রীয় আয়োজক কমিটি। তিন যৌথ আয়োজক দেশের কর্মকর্তাদের নিয়ে ঢাকায় বিশ্বকাপ ট্রফির উন্মোচনও করা হবে সেদিন। বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইফনুস এ কথা স্বীকার করেছেন।
তিনি বুধবার বলেন, "বিশ্বকাপ নিয়ে কোনও অনুষ্ঠানই আমরা এখনও করতে পারিনি। জানুয়ারিতে বিশ্বকাপ ক্রিকেটের আনুষ্ঠানিক প্রচার অনুষ্ঠান বেশ ঘটা করেই করতে চাই।"
এই দুই অনুষ্ঠানে আয়োজক তিন দেশের জাতীয় দলের ক্রিকেটাররাও থাকতে পারেন। কারণ সে সময় ভারত, শ্রীলংকাকে নিয়ে ঢাকায় হবে তিন জাতির একদিনের ক্রিকেট টুর্নামেন্ট। খেলার ব্যস্ত সূচির কারণে তিন দেশের পুরো দলের ক্রিকেটারদের পাওয়া সম্ভব না হলেও অন্তত অধিনায়করা উপস্থিত থাকবেন বলে আশা করছেন জালাল ইউনুস।
অনুষ্ঠানে বিশ্বকাপ কেন্দ্রীয় আয়োজক কমিটির (সিওসি) প্রধান শারদ পাওয়ারসহ অন্যান্য কর্মকর্তার উপস্থিত থাকবেন।
সেদিনই ঢাকায় সিওসির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন জালাল ইউনুস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯৪৩ ঘ.
bdnews24