লন্ডন, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিজের ক্রিকেট ক্যারিয়ারে আরও নিয়ন্ত্রণ আনার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে দ্বিতীয় দফায় আর চুক্তি করেননি অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ। যদিও চুক্তির প্রস্তাব দিয়েছিল বোর্ড।
ফ্লিনটফ মঙ্গলবার তার ওয়েবসাইটে বলেন, "বেতন বাড়িয়ে ইসিবির চুক্তির প্রস্তাব পেয়ে আমি খুবই খুশি। যদিও আশা করিনি চুক্তির প্রস্তাব দেওয়া হবে। তবে ক্রিকেট জীবনের এই পর্যায়ে আমি মনে করি না যে আমার বলার কোনও প্রয়োজন আছে কখন খেলব, আর কখন বিশ্রামে যাব।"
"গত এগারো বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। আমার শারীরিক অবস্থার কথা সবচেয়ে ভালো আমিই জানি," বলেন ফ্লিনটফ। তবে হাঁটুর চোট থেকে সেরে ওাঠার জন্য আর্থিক সহায়তা দেওয়ায় তিনি ইসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দ্বিতীয়বার হাঁটুর অস্ত্রোপচারের পর বর্তমানে দুবাইয়ে আছেন ফ্লিনটফ। হাঁটুর এই চোটের কারণে টেস্ট ক্রিকেট থেকে দ্রুত অবসর নেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও ৩১ বছরের ফ্লিনটফ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
আগামী বছর শুরুর দিকে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময় ফ্লিনটফ পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন।
তবে ইংল্যান্ড দল ম্যানেজমেন্টের নির্দেশ ছাড়াই ফ্লিনটফ আইপিএলের চেন্নাই সুপার কিংসের সঙ্গে লোভনীয় চুক্তিতে সই করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৮৪২ ঘ.
bdnews24