ঢাকা, সেপ্টেম্বর ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কমপ্যাক কাপের ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছিলো ভারত। টেন্ডুলকারের শতক ও যুবরাজের ঝড়ো অর্ধ শতকে নির্ধারিত ৫০ ওভারে ৩১৯ রানের পাহাড় গড়েছে তারা।
টেন্ডুলকারের সঙ্গে রাহুল দ্রাবিড়কে ওপেনিংয়ে পাঠিয়েছিল ভারত। ওপেনিং জুটিতে ১৭.২ ওভারে ৯৫ ওঠে। জয়াসুরিয়ার বলে আউট হওয়ার আগে ৫৬ বলে ৩৯ রান করেন রাহুল দ্রাবিড়।
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী ওয়ান ডাউনে নেমে টেন্ডুলকারের সঙ্গে ১১০ রানের জুটি গড়েন। ৯২ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ওয়ানডে ক্রিকেটে তার ৪৪তম শতক তুলে নেন টেন্ডুলকার। দলীয় ২০৫ রানে ধোনী ৫২ রান করে আউট হয়ে গেলেও রানের চাকা থেমে থাকেনি। যুবরাজকে সঙ্গে নিয়ে এগিয়ে যান টেন্ডুলকার ।
অবশেষে দলকে ২৭৬ রানে রেখে সাজঘরে ফেরেন 'লিটল মাস্টার' । ১৩৩ বলে ১৩৮ রানের ইনিংসে ১০টি চার ও ১টি ছয়ের মার মেরেছেন তিনি।
এরপর ইফসুফ পাঠান ও সুরেশ রায়না দ্রুত আউট হয়ে গেলেও যুবরাজের ঝড়ো ব্যাটিংয়ে ৩১৯ রানে পৌছে যায় ভারত। ৩৯ বলে অর্ধ শতক করা যুবরাজ নুয়ান কুলসেকারার শেষ ওভারে দুটি চারের সাহায্যে ১১ রান তুলে নেন।
শ্রীলঙ্কান বোলারদের মধ্যে থিলান তুসারা ২টি উইকেট পেলেও ১০ ওভারে ৭১ রান দিয়েছেন। জয়াসুরিয়া, মালিঙ্গা ও মেন্ডিস ১টি করে উইকেট পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২১২৩ ঘ.
bdnews24