ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুরু থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে নিউজিল্যান্ড। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি। ৪৬ ওভার ৩ বলেই অল-আউট হয়ে যায় ১৫৫ রানে। এই মামুলি লক্ষ্য তাড়া করে ভারত জয় তুলে নেয় সহজেই, ৬ উইকেটে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার প্রথমদিকে ভারতের ইনিংসের হাল ধরেন মূলত শচিন টেন্ডুলকার। ৫৫ বলে ৪৬ রান করে ড্যানিয়েল ভেট্টরির বলে মার্টিন গুপ্টিলের হাতে ধরা পড়ে বিদায় নেন। তখন দলের রান ছিল ৭১।
দলীয় ৮৪ রানে যুবরাজ সিং ব্যক্তিগত ৮ রানে আউট হওয়ার পর ভারতকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রাইনা ৭২ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের লক্ষ্যে। ধোনি ৬৫ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। আর ৫৪ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন সুরেশ রাইনা।
প্রায় দু'বছর পর দলে ফেরা রাহুল দ্রাবিড় ১৪ রান করলেও খেলেন ৪৫ বল। জ্যাকব ওরামের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন দলীয় ৬৭ রানের মাথায়।
এছাড়া দিনেশ কার্তিক করেন ৪ রান।
কিউই বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ভেট্টরি। আট ওভার বল করে ২৯ রানে উইকেট নেন দু'টি।
এর আগে টস জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক ভেট্টরি। কিন্তু ভারতীয় বোলারদের আঁটোসাটো ও নিয়ন্ত্রিত বোলিং-এর মুখে মোটেও সুবিধা করতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ভেট্টরি। দলীয় ১৪২ রানের মাথায় ইশান্ত শর্মার বলে সরাসরি বোল্ড হন।
ইশান্ত শর্মার বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে ২৪ রান করেন জ্যাকব ওরাম। এছাড়া ২২ রান করেন দু'জন, গুপ্টিল ও গ্রান্ট ইলিয়ট। ৪২ বল খেলে যুবরাজ সিং-এর বলে রাহুল দ্রাবিড়ের হাতে ধরা পড়ে বিদায় নেন গুপ্টিল। তখন দলের রান ছিল ৫১।
ইলিয়টের উইকেটটিও নেন যুবরাজ সিং। দলীয় ৬৬ রানের মাথায় উইকেটের পেছনে ধোনির হাতে ধরা পড়েন তিনি। নেইল ব্র"ম ২৮ বলে ২১ রান করে যুবরাজ সিং-এর বলে সুরেশ রাইনার হাতে ক্যাচ দেন।
ইনিংসের শুরুতেই আশিষ নেহরার বলে দলীয় ১ রানের মাথায় এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন জেসি রাইডার। রানের খাতাই খুলতে পারেননি। দলের রানের সঙ্গে আর মাত্র তিন রান যুক্ত হতেই ফিরে যান অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলাম। নেহরার বলে এলবিডব্লিউ হওয়ার আগে রান করেন ৩।
দলীয় ১৯ রানের মাথায় ব্যক্তিগত ১১ রানে আর পি সিং-এর বলে উইকেটের পেছনে ধোনির হাতে ধরা পড়েন রোজ টেইলর।
ধোনি ঘুরিয়ে-ফিরিয়ে সাতজন বোলার ব্যবহার করেন। তাদের মধ্যে সব চেয়ে সফল ছিলেন আশিষ নেহরা ও যুবরাজ সিং। দু'জনেই তিনটি করে উইকেট নেন। দু'টি করে উইকেট নিয়েছেন আর পি সিং ও ইশান্ত শর্মা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩২৫ ঘ.
bdnews24